ঢাকা, জুন ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিলের সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে কিছু সংখ্যক উত্তীর্ণ প্রার্থী শুক্রবার সংবাদ সম্মেলন করতে গেলে পুলিশ বাধা দিয়েছে।
শাহবাগ থানা পুলিশের উপ--পরিদর্শক আক্তার মোর্শেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, অনুমতি না থাকায় সংবাদ সম্মেলন করতে দেওয়া হয়নি। যারা সংবাদ সম্মেলন করতে এসেছিলেন তাদের পাঁচজনকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২৫-৩০জন প্রার্থী সকাল ১১টায় রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করতে যান। এ সময় পুলিশ এসে তাদের বাধা দেয়।
পুলিশের বাধার মুখে সংবাদ সম্মেলন করতে না পারলেও আয়োজকরা সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য দিয়ে যান। এতে তারা সরকারের কাছে মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জেকে/এমএইচবি/ ১৬১১ ঘ.
bdnews24