২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে ডিজিইএন সূচক ২০০০ পয়েন্ট ছাড়িয়েছে

ঢাকার শেয়ার বাজারে ডিজিইএন বা সাধারণ মূল্য সূচক বৃহস্পতিবার দুই হাজার পয়েন্ট সীমা অতিক্রম করে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে। ব্যাংক, বিদ্যুৎ এবং ওষুধ কোম্পানির শেয়ারের মাসব্যাপী ধারাবাহিক বৃদ্ধিতে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক দুই হাজার ১১ দশমিক ৪৬ পয়েন্ট হয়। ২০০১ সালে এই ডিজিইএন প্রবর্তনের সময় সূচকের অবস্থান ৮১৭ দশমিক ৬২ পয়েন্ট ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 03:53 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

সোহেল পারভেজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকার শেয়ার বাজারে ডিজিইএন বা সাধারণ মূল্য সূচক বৃহস্পতিবার দুই হাজার পয়েন্ট সীমা অতিক্রম করে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে। ব্যাংক, বিদ্যুৎ এবং ওষুধ কোম্পানির শেয়ারের মাসব্যাপী ধারাবাহিক বৃদ্ধিতে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক দুই হাজার ১১ দশমিক ৪৬ পয়েন্ট হয়। ২০০১ সালে এই ডিজিইএন প্রবর্তনের সময় সূচকের অবস্থান ৮১৭ দশমিক ৬২ পয়েন্ট ছিল। ডিজিইএন বা সার্বিক শেয়ার সূচকের আগের সর্বোচ্চ অবস্থান ছিল ২০০৫ সালের ১ জানুয়ারিতে ১,৯৯৯ দশমিক ৭১ পয়েন্ট। ডিজিইএন সূচক চালুর আগে ১৯৯৬ সালের নভেম্বরে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) সার্বিক শেয়ার সূচক ৪,৮৪৭ পয়েন্ট হয়েছিল। সরকারের কর আদায় এবং দুর্নীতি বিরোধী কার্যক্রমের কারণে সৃষ্ট অস্বস্তি কাটিয়ে মে মাসের শুরুতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের কারণে ডিজিইএন বেড়েছে। এছাড়া ঢাকায় বিদেশি বিনিয়োগকারীদের সম্মেলনের কারণেও বাজার উৎসাহিত হয়েছে বলে জানান বিনিয়োগকারীরা। বিদেশি ও স্থানীয় প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং খুচরা বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার ফলে শেয়ারের দাম এবং লেনদেনের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। মে মাসের শুরুতে প্রতিদিনের গড় লেনদেন ছিল ৭ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা। মে মাসের ২০ থেকে ২৪ তারিখ এই গড় লেনদেন বেড়ে ১৪৪ কোটি টাকা হয়। বৃহস্পতিবার এই গড় লেদেনের পরিমাণ ১৬৭ কোটি টাকা হয়। লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রধান নাসির উদ্দিন চৌধুরী বলেন, "এটা একটা বড় অর্জন। এরফলে বড় ধরনের বহুজাতিক প্রতিষ্ঠানগুলো শেয়ার বাজারে আসতে উৎসাহী হবে।" তিনি বলেন, "আমরা বিনিয়োগ সম্মেলনে স্থানীয় ও বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আমাদের সুযোগ এবং সামর্থ্য প্রদর্শণ করেছি। পুঁজি বাজারের অধিকাংশ অংশগ্রহণকারীদের কাছে আমরা সম্ভাবনাগুলো তুলে ধরেছি।" মে মাসের শুরু থেকে বাজার মূলধন চার হাজার কোটি টাকা বেড়ে বৃহস্পতিবার চার লাখ ৪০ হাজার ৮ কোটি টাকা হয়েছে। পুঁজি বাজার বিশেষজ্ঞ মইন আল কাসেম বলেন, "ব্যাংকিং খাতের শেয়ারের কারণে এই বৃদ্ধি ঘটেছে। বেশিরভাগ ব্যাংকের উচ্চ মূলধন এবং শেয়ারের দাম বেশি থাকায় সূচক বৃদ্ধিতে সহায়তা করেছে।" আইডিএলসি এর মহাব্যবস্থাপক আরিফ খান বলেন, "প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিশেষ করে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের ঋণের সীমা বাড়ানোর মাধ্যমে বাজারে বিনিয়োগ করছে।" ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এবং মধ্যস্থতাকারীদের এই ঋণের সীমা বাড়ানোর কারণে বাজারে লেনদেনের চালিকা শক্তি হিসেবে কাজ করছে। পুঁজিবাজারের নিয়ম অনুযায়ী মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তার গ্রাহকের বিনিয়োগকৃত অর্থের সমপরিমান অর্থ ঋণ দিয়ে থাকে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপকরাও ঋণের সীমা বাড়াচ্ছে। অনেক ক্ষেত্রে ঋণের পরিমাণ গ্রাহকের বিনিয়োগকৃত অর্থের পাঁচগুণ হয়ে থাকে। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩৬ দশমিক ৭৬ পয়েন্ট বা ২ দশমিক ২৬ শতাংশ বেড়ে ১,৬৫৮ দশমিক ৩৬ পয়েন্ট হয়। আকর্ষনীয় ডিএসই--২০ ব্লুচিপ শেয়ার সূচক ৫০ দশমিক ৯৫ পয়েন্ট বা ২ দশমিক ৯২ শতাংশ বেড়ে ১,৭৯৪ দশমিক ৬৭ পয়েন্ট হয়। ডিএসইর প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ বলেন, "গত কয়েক সপ্তাহের অব্যাহত বৃদ্ধির ফলাফল হিসেবে সূচক বেড়েছে। তবে বিনিয়োগকারীদের বাজার ওঠা--নামার প্রকৃতি মাথায় রাখতে হবে।" বৃহস্পতিবার লেনদেনের তালিকার শীর্ষে থাকা স্কয়ার ফার্মার শেয়ারের দাম ৬ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ৩,৭৩২ টাকা ৫০ পয়সা হয়। প্রতিষ্ঠানটির মোট লেনদেন ছিল ২৩ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকা। লভ্যাংশ তুলে নেওয়ার কারণে পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম দশমিক ৪২ শতাংশ কমে ৫৯০ টাকা ৭৫ পয়সা হয়। ভালো লাভের প্রত্যাশা থাকায় ব্যাংকিং খাতের শেয়ারের দাম বেড়েছে। সাউথ ইস্ট ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ২৮ শতাংশ বেড়ে ৪৫৯ টাকা ২৫ পয়সা হয়। প্রাইম ব্যাংকের শেয়ার এক দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৮৩২ টাকা ৫০ পয়সা হয়েছে। এক্সিম ব্যাংকের শেয়ার ৬ দশমিক ০৮ শতাংশ বেড়ে ৪১৩ টাকা ৭৫ পয়সা হয়। এআইএমএস বাংলাদেশের প্রধান ইওয়ার সাইদ জানান, শেয়ার বাজার একটি সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, "বিনিয়োগকারীদের মধ্যে যারা নগদ লাভ তোলার অবস্থানে রয়েছেন তাদের এমনভাবে পদক্ষেপ নেওয়া উচিত যাতে বাজার বড় ধরনের ধ্বাক্কা না খায়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জিএনএ/২১৩৬ ঘ.