২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের ১৩০০ কর্মীর স্বেচ্ছ্বা অবসর জুনে শুরু

বিমানের ১৩০০ কর্মীকে স্বেচ্ছা অবসর (গোল্ডেন হ্যান্ডশেক) দেওয়ার প্রক্রিয়া জুন মাসেই শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিকালে বিমান পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শেখ আলতাফ আলী। তিনি জানান, স্বেচ্ছা অবসরের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেছে। আর বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের নীতিগত সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন পেলেই তা বাস্তবায়নের কাজ শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 02:08 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিমানের ১৩০০ কর্মীকে স্বেচ্ছা অবসর (গোল্ডেন হ্যান্ডশেক) দেওয়ার প্রক্রিয়া জুন মাসেই শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিকালে বিমান পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শেখ আলতাফ আলী। তিনি জানান, স্বেচ্ছা অবসরের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেছে। আর বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের নীতিগত সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন পেলেই তা বাস্তবায়নের কাজ শুরু হবে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা এম এ মতিন। উপস্থিত ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর সাকেব ইকবাল খান মজলিস, বিমানের ভারপ্রাপ্ত সচিব, অর্থ সচিব, আইন সচিব প্রমুখ। সভা শেষে আলতাফ আলী সাংবাদিকদের বলেন, জুন মাস থেকে স্বেচ্ছা অবসরের জন্য দরখাস্ত আহ্বান আহ্বান করা হবে, এরপর তা পর্যায়ক্রমে চলবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী বিমানের বর্তমান জনবল ৪,৭০০ জনের মধ্যে ১,৩০০ জনকে স্বেচ্ছা অবসর দেওয়া হবে। এ ছাড়া বিমানকে কোম্পানিতে রূপান্তরের আগে দু'সপ্তাহের মধ্যে সংস্থার সম্পদ ও দেনার পরিমাণ নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। আলতাফ আলী জানান, স্বেচ্ছা অবসরের প্রক্রিয়া শুরু হলে অর্থ মন্ত্রণালয় চাহিদা অনুযায়ী ২৯৭ কোটি টাকা বরাদ্দ দেবে। এ জন্য থোক বরাদ্দ রাখা হয়েছে বলে অর্থসচিব সভায় জানিয়েছেন। তিনি আরও জানান, বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের জন্য অধ্যাদেশের প্রয়োজন হবে। এ জন্য প্রয়োজনীয় আইনের খসড়া তৈরি করতে আইন সচিবকে বলা হয়েছে। তবে কবে নাগাদ এ প্রক্রিয়া শেষ হবে-- জানতে চাইলে আলতাফ আলী বলেন, " বিমানকে কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্তটি চূড়ান্ত হলে যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করা হবে; এ জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা রাখা হয়নি।" লোকসান কমিয়ে আনতে বিমান গত বছর টোকিও, নিউ ইয়র্ক, প্যারিস, ব্রাসেলস, ফ্রাঙ্কফুর্ট ও মুম্বাই এর ফ্লাইট বন্ধ করে দেয়। এখন মাত্র ২০টি আন্তর্জাতিক ফ্লাইট চলছে। অভ্যন্তরীণ সাতটি রুটও কমিয়ে তিনটিতে নামিয়ে আনা হয়েছে। এখন শুধু চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান। এখন সংস্থার উড়োজাহাজের সংখ্যা ১৩টি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমআই/জিএনএ/১৯৫৫ ঘ.