সাভার, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সাভারে ঘুষ নেওয়ার অভিযোগে বুধবার বিকালে ভূমি জরিপ দপ্তরের বদর আমিন (সার্ভেয়ার) শফিকুল ইসলাম ও চেইনম্যান সৈয়দ নুর আলীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
সাভার থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানায়, সদর ইউনিয়নের দেওগাঁ মৌজার ভূমি মালিক আমিনুল ইসলাম বুলবুল তার জমির বুঝারতের পর্চায় সই করানোর জন্য শফিকুল ইসলামের কাছে গেলে তিনি এক হাজার টাকা ঘুষ দাবি করেন।
পরে বিষয়টি বুলবুল যৌথবাহিনীকে জানান। বুধবার বিকাল ৩টার দিকে স্থানীয় জান্নাতুন নেসা স্কুলের সামনে বসে ঘুষ নেওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হয় বলে আনোয়ারুল ইসলাম জানান।
এ ঘটনায় আমিনুল ইসলাম বুলবুল বাদী হয়ে সন্ধ্যায় সাভার থানায় একটি মামলা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩১৪ ঘ.
bdnews24