ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ফরিদপুর সিটি ব্যাংকের ব্যবস্থাপক এ এইচ কামরুজ্জামানের (৩৫) হাত--পা বাঁধা লাশ বুধবার বিকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল বাজারের কাছে পদ্মার তীর থেকে উদ্ধার করেছে পুলিশ। মৃতের এক আত্মীয় লাশটি সনাক্ত করেন বলে পুলিশ জানায়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমানের উদ্ধৃতি দিয়ে আমাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, বুধবার বিকেল চারটার দিকে স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ লাশটি থানায় নিয়ে আসে।
পরে কামরুজ্জামানের ফুফাতো ভাই আবু সুফিয়ান লাশটি শনাক্ত করেন বলে শ্রীনগর থানার উপ--পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান।
তিনি জানান, এক ব্যাংক কর্মকর্তাও লাশ সনাক্ত করে। লাশটি বিকৃত হয়ে পড়েছিল।
এর আগে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম শেখ আমাদের ফরিদপুর প্রতিনিধিকে জানান, উদ্ধারকৃত লাশ সনাক্ত করার জন্য পুলিশের উপ--পরিদর্শক (এসআই) গোলাম মোরশেদ ও নিখোঁজ কামরুজ্জামানের ফুপাতো ভাই আবু সুফিয়ান বুধবার সন্ধ্যায় শ্রীনগরের উদ্দেশে রওনা হন।
আমাদের প্রতিনিধি জানান, গত ২৫ মে কামরুজ্জামানের বিয়ে হয়। এরপর ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার সেলিম সড়কের বাসা থেকে শনিবার বের হয়ে আর ঘরে ফেরেননি তিনি।
খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবার তখন পত্রিকায় বিজ্ঞাপন দেয়। এছাড়া কামরুজ্জামানের ছোট ভাই আবদুর রাজ্জাক বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা করেন।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/প্রতিনিধি/এমএআর/এমআই/২২৩৩ ঘ.
bdnews24