২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতন ভাতার দাবিতে চট্টগ্রামে শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতন ভাতার দাবিতে আমিন জুট মিলের শ্রমিকরা বুধবার নগরীতে সড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা মিলের মহাব্যবস্থাপকের কার্যালয়ও কয়েক ঘন্টা ঘেরাও করে রাখে এবং মিল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 01:52 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বকেয়া বেতন ভাতার দাবিতে আমিন জুট মিলের শ্রমিকরা বুধবার নগরীতে সড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা মিলের মহাব্যবস্থাপকের কার্যালয়ও কয়েক ঘন্টা ঘেরাও করে রাখে এবং মিল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে। জানা গেছে, এই পাটকলটিতে শ্রমিকদের দশ সপ্তাহের মজুরি বেতন এবং কর্মকর্তা ও কর্মচারীদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া মজুরি ও বেতনের দাবিতে প্রায় দুই হাজার শ্রমিক বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত আমিন জুট মিলের সামনের সড়ক এবং পিছনের রেললাইন অবরোধ করে। এতে মুরাদপুর থেকে অক্সিজেন মোড় পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে বেলা ১২টার দিকে শ্রমিকদের সড়ক ও রেললাইন থেকে সরিয়ে দেয়। এসময় শ্রমিকরা মিলের ভিতরে বিক্ষোভ প্রদর্শন করে এবং মহাব্যবস্থাপক আমিনুর রহমানের কার্যালয় ঘেরাও করে। বিক্ষোভের পর মিল কর্তৃপক্ষ দুপুরে শ্রমিক নেতাদের সাথে বৈঠকে বসে। এতে মিলের কর্মকর্তা ও শ্রমিক নেতারা ছাড়াও আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে শ্রমিকদের এক সপ্তাহের বকেয়া বেতন পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শ্রমিকরা তাদের দাবির প্রতি অটল থাকায় বিকাল ৬টা পর্যন্ত মিল চালু হয়নি। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে মহাব্যবস্থাপক আমিনুর রহমান বৈঠকে ব্যস্ত থাকায় কথা বলেননি। তবে ব্যবস্থাপক মো. শাহাবুদ্দীন জানান, বৈঠকে শ্রমিকদের এক সপ্তাহের বেতন বুধবার রাতের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি বেতন পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। তিনি জানান, শ্রমিক নেতারা তাৎক্ষণিকভাবে তা মেনে নেয়নি। তবে তাদের রাজী করানোর চেষ্টা চলছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাস জানান, শ্রমিকরা রাস্তায় অবরোধ শুরু করলে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। তবে অবরোধ চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে শ্রমিকদের এক সপ্তাহের বেতন রাতের মধ্যে দিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। দেশের অন্যতম এই পাট কারখানায় বর্তমানে স্থায়ী ভিত্তিতে দুই হাজার এবং অস্থায়ী ভিত্তিতে প্রায় ১১০০ শ্রমিক কাজ করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /আরএআর/এফআই/এসডি/১৯৪৮ ঘ.