কক্সবাজার, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কক্সবাজারের মহেশখালী থানার সিএসআই (সহকারী আদালত পরিদর্শক) তাজুল ইসলামকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে নৌ বাহিনী কনটিনজেন্ট সদস্যরা ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহেশখালী থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ঘুষের দেড় হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
নৌ বাহিনীর মহেশখালী কনটিনজেন্ট সূত্র জানায়, আবু বক্কর নামে একজনের আটক করা মোটর সাইকেল ছেড়ে দেওয়ার বিনিময়ে মহেশখালী থানার সিএসআই (সহকারী কোর্ট পরিদর্শক) তাজুল ইসলাম দুই হাজার টাকা ঘুষ দাবি করেন। আবু বক্কর দেড় হাজার টাকা ঘুষ দেওয়ার সময় নৌ বাহিনীর সদস্যরা তাজুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করে নৌ বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়।
মহেশখালী থানার দায়িত্বরত সেকেন্ড অফিসার সাজেদুল ইসলাম জানান, তাজুল ইসলামকে নৌ বাহিনীর ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৬৩৯ ঘ.
bdnews24