ফতুল্লা থানার তিন পুলিশসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবুল খায়ের গ্রুপের পঁচা গম উদ্ধারের ঘটনায় ১৫ লাখ টাকার ঘুষ কেলেংকারীর মামলায় বিশেষ জজ আদালতে তিন পুলিশসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি মঙ্গলবার শেষ হয়েছে।
বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শামসুন নাহারের আদালত মঙ্গলবার দু’পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেছেন। বুধবার আদালত এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
এছাড়া মঙ্গলবার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে সাবেক প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে সম্পত্তির হিসাব গোপনের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ পরিচালক বাদী জীবন কৃষ্ণ রায়ের সাাক্ষ্য নেওয়া হয়েছে।
বুধবার আসামী পক্ষের আইনজীবীরা বাদীকে জেরা করবেন।
অন্যদিকে, সম্পত্তির হিসাব গোপন করার মামলায় সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা মীর নাছির ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলালের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য চলছে।
মঙ্গলবার বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আবদুল কাইয়ুম, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা রইস উদ্দিন এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের চৌধুরী সাক্ষ্য দেন। এ সময় আসামী পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন।
ঘুষ কেলেংকারীর মামলায় ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক ও মিরাজ আল মাহমুদ এবং আবুল খায়ের গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) এএসএম মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপক জাকির হোসেনকে মঙ্গলবার বিশেষ আদালতে হাজির করা হয়। আসামীদের উপস্থিতিতে বিচারক শামসুন নাহার দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন।
এ সময় আসামী পক্ষের আইনজীবী নজরুল ইসলাম ও বোরহান উদ্দিন আসামিদের নির্দোষ দাবি করে বলেন, এ মামলার কোন ক্লু ও আলামত নেই। তাই আসামীদের অভিযুক্ত করা যায় না।
অন্যদিকে সরকারি আইনজীবী মোশাররফ হোসেন কাজল দাবি করেন, আসামিদের হাতেনাতে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। আবুল খায়ের গ্রুপের কর্মকর্তারা তাদের কারখানা থেকে পঁচা গম উদ্ধারের পর বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য ওই পুলিশ কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন। তাই তাদের মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। বরং তাদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ গঠন করে বিচারের ব্যবস্থা করা প্রয়োজন।
