ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য ১০০ থেকে ১৫০ জন বিএনপির নেতাকর্মীকে অনুমতি দিয়েছে সরকার।
তবে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনার অনুমতি দেওয়া হয়নি।
আইন উপদেষ্টা এবং আইন--শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মইনুল হোসেন সোমবার এ তথ্য জানান।
দপ্তরের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন, "বিএনপি নেতারা জরুরি অবস্থায় আইন সম্পূর্ণরূপে পালন করবেন বলে আশ্বাস দিয়েছেন। তারা বলেছেন, কোনো ধরনের বক্তৃতা বা বিবৃতি তারা দেবেন না। তাদের আশ্বাসের ভিত্তিতেই আমি আমার সহকর্মীদের আশ্বস্ত করেছি।"
তিনি জানান, এজন্য ১০০ থেকে ১৫০ বিএনপি নেতা--কর্মী জিয়ার মাজারে জড়ো হতে পারবেন। তাছাড়া তারা জিয়ারত ও মিলাদ মাহফিলেও অংশ নিতে পারবেন।
বিভিন্ন জেলায় জিয়ার মৃত্যুবার্ষিকী পালন বিষয়ে তিনি বলেন, জেলাগুলোর মসজিদে বিএনপি নেতাকর্মীরা মিলাদ মাহফিল করতে পারবেন। আর এতিমখানায় কাঙ্গালী ভোজও দিতে পারবেন তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি--এএইচডি/এএল/এসডি/১৬৪৫ ঘ.
bdnews24