ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রেলওয়ের বর্তমান দুরবস্থার জন্য রেল কর্মকর্তাদেরই দায়ী করেছেন যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন। সংকট কাটাতে রেলওয়ে কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, "রেল ডুবছে নয়, এরই মধ্যে ডুবে গেছে। এখন উত্তরণের উপায় আপনাদেরই বের করতে হবে।"
'ফিজিবিলিটি স্টাডি ফর কনভারশন/কনস্ট্রাকশন অব ঢাকা--চিটাগং রেলওয়ে লাইন ইনটু ডাবল ট্র্যাক উইথ ইলেকট্রিক ট্রাকশন' এর চূড়ান্ত প্রতিবেদন নিয়ে রেল ভবনে সোমবার অনুষ্ঠিত বৈঠকে যোগাযোগ উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে রেলওয়ে বিভাগের সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলওয়ের দুরবস্থার জন্য কর্মকর্তাদের সরাসরি দায়ী করে যোগাযোগ উপদেষ্টা বলেন, "দোষ আপনাদের। এ খাতে পয়সা না পাওয়ার কথা আপনারা বলছেন, কিন্তু মে মাসের প্রথম দিকে কেন ১০টি দুর্ঘটনা ঘটেছে তার কোনো জবাব দিচ্ছেন না। রেলের বর্তমান অবস্থা খুবই খারাপ। নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসতেই এখন লেগে যায় পৌনে দুই ঘণ্টা।"
বৈঠকে রেলওয়েকে ভগ্নদশা থেকে টেনে তোলার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দেন উপদেষ্টা মতিন।
রেল বিভাগের কর্মকর্তারা যোগাযোগ উপদেষ্টাকে জানান, অপ্রতুল বাজেট আর লোকবলের অভাবই রেলওয়ের দুরবস্থার কারণ। তেলের জন্য তাদের প্রয়োজন ১০৪ কোটি টাকা। অথচ এ জন্য বরাদ্দ রয়েছে মাত্র ৭৪ কোটি টাকা। বাকি ৩০ কোটি টাকা অন্যভাবে সংগ্রহ করতে হচ্ছে।
কর্মকর্তারা আরও বলেন, যমুনা থেকে জয়দেবপুর পর্যন্ত ডুয়েল গেজ রেল লাইন টাকার অভাবে রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না। এ জন্য তারা বাজেট বরাদ্দ ও লোকবল বাড়ানোর দাবি জানান। এ ছাড়া রেলওয়ে বিভাগে শূন্য পদ পূরণেরও প্রস্তাব করেন তারা।
বৈঠকে জানানো হয়, ঢাকা--চট্টগ্রাম ডাবল ট্র্যাক লাইনের জন্য সাত হাজার ৮০৩ কোটি টাকা ব্যয় করা হবে। ভূমি অধিগ্রহণের জন্য লাগবে আরও ৭৬২ কোটি টাকা।
বৈঠক সূত্র জানায়, যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি রেলওয়ের বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বের করে আগামী এক মাসের মধ্যে মন্ত্রণালয়ে সুপারিশ দেবে।
বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ কমিটি যে রকম সুপারিশ করবে সরকার সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেবে।"
রেলওয়ের মহা পরিচালক বেলায়েত হোসেন জানান, রেলওয়ের মোট সম্পত্তির পরিমাণ ৬২ হাজার একর। এর মধ্যে ১৬০০ একর জমি সরকারি এবং বেসরকারি পর্যায়ে অবৈধ দখলে চলে গেছে। এসব দখল হওয়া জমির মধ্যে উদ্ধার করা হয়েছে ৪০০ একর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /ইএইচবি/এএইচডি/এএল/এসএনডি/কেএম/১৫২০ঘ.
bdnews24