২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাসকট প্লাজায় ডাকাতি মামলায় ৪ জনের জবানবন্দি

গত বছরের ডিসেম্বরে উত্তরার মাসকট প্লাজায় স্বর্ণের দোকানে ডাকাতি মামলায় গ্রেপ্তার ১০ ডাকাতের মধ্যে ৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 09:44 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

সোমবার বিকেলে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম এবিএম আবদুল ফাত্তাহ তার খাস কামরায় এই জবানবন্দি নেন।

এরা হচ্ছেন সোহরাব শিকদার, প্রবীর ঘোষ বাবু, জুয়েল খান ও ফরিদ শেখ ওরফে গ্যাস কাটা বাবু।

এ মামলায় অভিযুক্ত অপর দুই ডাকাত শামীম খান ও সবুজ তালুকদার জবানবন্দি দিতে অস্বীকার করলে তাদের শুলশান থানার অন্য একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামালার বাকি চার অভিযুক্ত নাসিরউদ্দিন ওরফে জসিম, নিজাম শিকদার, আব্দুল মান্নান শিকদার ও আ. খালেক তালুকদার বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছে।

র‌্যাব-১ এর একটি দল গত ২১ মে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ১০ ডাকাতকে গ্রেপ্তার করে।

ওই সময় ডাকাত সর্দার জসিমের দুটি বাসা থেকে ২ কোটি ১৮ লাখ ৭০ হাজার নগদ টাকা, ১০ হাজার ডলার ও ১২৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গত বছরের ৫ ডিসেম্বর রাতে উত্তারার মাসকট প্লাজায় নৈশ প্রহরীদের অজ্ঞান করে কয়েকটি সোনার দোকানে ডাকাতি হয়। ওই ঘটনায় প্রেয়সী জুয়েলার্সের মালিক পূরক সরকার উত্তরা থানায় একটি মামলা করেন।