কুষ্টিয়ায় আকিজ বিড়ি কারখানায় সংঘর্ষ, ১৫ শ্রমিক আহত
কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানার শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।
ঘন্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও উভয় গ্রুপের শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও শ্রমিক সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯ টার সময় তামাকের কাজ নিয়ে আকিজ বিড়ি কারখানার মসলেম গ্রুপের এক সদস্যের সঙ্গে প্রতিপক্ষ শরিফ গ্রুপের অপর এক সদস্যের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে কারখানাতে অবস্থানরত উভয় গ্রুপের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে কারখানার বাইরেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
শ্রমিকরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে একে-অপরের ওপর হামলা চালায়। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় নান্নু (২৮), শিপন (৩২), জাহাঙ্গীর (৩০), ইয়ারুল (২৮), জাকির (২৬) সহ ১৫ জন শ্রমিক আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থেমে গেলেও উভয় গ্রুপের শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আকিজ বিড়ি কারখানার ব্যবস্থাপক খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, পুনরায় সংঘর্ষ এড়াতে বর্তমানে কারখানাটি বন্ধ রাখা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, আকিজ বিড়ি কারখানার বিবদমান দুই গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষ হয়েছে। দোষীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
