দক্ষিণখানে ডাকাতের বোমায় দুজন আহত
রাজধানীর দক্ষিণখানে রোববার রাতে ডাকাতের ছোড়া বোমায় এক গৃহবধুসহ দুই জন আহত হয়েছেন। আজমপুর মুন্সি মার্কেটের পাশে একটি বাড়িতে ডাকাতির সময় এ ঘটনা ঘটে।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, রাত সোয়া আটটার দিকে ১৩২ মুন্সিমার্কেট এলাকার একটি বাড়ির তিন তলায় ৭/৮ জন ডাকাত ঢোকে। এ সময় গৃহবধু নাসিমা আক্তার বারান্দায় গিয়ে চিৎকার দিলে ডাকাতরা তাকে লক্ষ করে একটি বোমা ছুড়ে পালাতে থাকে। এলাকাবাসী ধাওয়া দিলে ডাকাতরা আরও একটি বোমা ছোড়ে। এতে স্থানীয় অজ্ঞাত এক কিশোর আহত হয়। এক পর্যায়ে এলাকাবাসী চাপাতিসহ এক ডাকাতকে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। বাকিরা পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে রাত ১০ টার দিকে ফজলুর রহমান জানান।
