শ্বশুরবাড়ি ঘুরে গেলেন জাপানী বধু
ঠিকানা না নিয়ে এসেও স্বামী-সন্তান সবার দেখা পেয়ে সবশেষে শ্বশুরবাড়িও ঘুরে গেলেন চাঁদপুরের আবুল কাশেমের জাপানি বধূ মাতসুয়োকো। স্বামী আর দুই সন্তানের সঙ্গে শ্বশুরবাড়ি কচুয়ার রানিশৈল গ্রামে এক দিন কাটিয়ে রোববার দুপুরে ঢাকা ফিরে যান তারা সবাই।
আরও কয়েকদিন থাকতেন হয়তো, কিন্তু প্রচণ্ড গরম এবং সেইসঙ্গে লোডশেডিং স্ত্রী ও মেয়েদের অস্থির করে তোলায় ঢাকায় ফিরতে হয়েছে বলে জানান আবুল কাশেম। তিনি আরও জানান, তাদের বড় মেয়েটি গ্রাম ছেড়ে যেতে চাচ্ছিলো না। সে ভাঙ্গা ভাঙ্গা বাংলাও শিখে ফেলেছিল এরই মধ্যে।
তবে ফিরে আসার সময় মাতসুয়োকা এলাকার মানুষকে বলে এসেছেন, তিনি আবার যাবেন শ্বশুরবাড়ি। আর শীত এলে অনেকদিন থাকবেন।
এর আগেও একবার তিনি শ্বশুরবাড়ি এসেছিলেন মাতসুয়োকা। কিন্তু এবারের আসাটা একটু ভিন্ন। আবুল কাশেম জানান, তিনি প্রায় ছয় মাস আগে মাতসুয়োকাকে জাপানে রেখে দুই মেয়েকে নিয়ে দেশে আসেন। দেশে ফেরার পরও তার সঙ্গে স্ত্রীর যোগাযোগ ছিল। কয়েকদিন আগে হঠাৎ করে স্বামীকে না জানিয়েই মাতসুয়োকো বাংলাদেশে চলে আসেন।
বাংলাদেশে আসার সময় মাতসুয়োকোর কাছে স্বামীর কোনও ঠিকানা ছিল না। জিয়া বিমানবন্দরে পৌঁছে স্বামীকে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। এভাবে তিনদিন বিমানবন্দরে কাটানোর পর বিভিন্ন পত্র পত্রিকায় মাতসুয়োকার খবর ছাপা হলে আবুল কাশেম সন্তানদের নিয়ে বিমানবন্দরে ছুটে যান। এরপর ঢাকায় এক দিন কাটিয়ে শনিবার দুপুরে কচুয়ার গ্রামের বাড়িতে যান তারা।
আবুল কাশেম ১৯৮৮ সালে চাকরি নিয়ে জাপান গিয়েছিলেন। সেখানে একটি প্রতিষ্ঠানে কাজ করার সময় তার সঙ্গে মাতসুয়োকার পরিচয় হয়। তারপর প্রেম ও পরিণয়।
আবুল কাশেম জানান, স্ত্রী এবং দুই সন্তান আরজু ও কিউসিকিকে নিয়ে দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখার ইচ্ছে রয়েছে তার। তাই আগামী ৫ জুন জাপান ফিরে যাওয়ার কথা থাকলেও আরও কিছুদিন পর ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
