২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর গ্রামের আহত আওয়ামী লীগ কর্মী মানিক মিয়া (৪০) রোববার সকালে মারা গেছেন। গত ৫ মার্চ গ্রামের এক বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে তিনি সশস্ত্র হামলার শিকার হন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 08:14 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

মানিক আহত হওয়ার পরপরই তার চাচাতো ভাই ফরিদ আহাম্মদ বাদি হয়ে বাঞ্ছারামপুর থানায় মামলা করেছিলেন।

ফরিদ আহাম্মদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত ৫ মার্চ স্থ্ানীয় আওয়ামী লীগ কর্মী আমির হামজা ও মানিক মিয়ার ওপর প্রতিপক্ষ বিএনপি কর্মী ইমান আলীর নেতৃত্বে একদল সশস্ত্র লোক হামলা করে। তাদের গুলি ও ছুরিকাঘাতে গুরুতর আহত আমির হামজা এর পরদিনই মারা যান। দীর্ঘ চিকিৎসা শেষে মানিক মিয়াকে বাঞ্ছারামপুরে নিয়ে আসা হলে শনিবার থেকে তার মাথায় আঘাতজনিত সমস্যা বেড়ে যায়। অবস্থার অবনতি ঘটলে রোববার সকালে ঢাকা নেওয়ার পথে মানিক মিয়ার মৃত্যু হয়।

ফরিদ আহাম্মদ আরও জানান, ইমান আলীর বাহিনীকে এলাকার যেকোনো সামাজিক অনুষ্ঠান, জমি ও বাড়ি ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন কাজে চাঁদা দিতে হতো। এসব কাজে বাধা দিতে গিয়ে মানিক প্রাণ দিল। তারা মানিক মিয়ার পায়ে গুলি করে এবং মাথা ও শরীরে উপর্যুপরি কুপিয়ে আহত করে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখলাকুর রহমান জানান, প্রতিপক্ষের হামলায় মানিক আহত হওয়ার পর ঢাকায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়লে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর প্রতিবেদনের ওপর ভিত্তি করে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।