নরসিংদীতে নয় ডাকাতকে আটক করেছে গ্রামবাসী
শিবপুর উপজেলার খৈনকুটায় শনিবার রাতে নয় ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় গ্রামবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, র্যাব সদস্য মো. সাইফুল ইসলাম শনিবার রাতে তার আত্মীয় ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে বাড়ি যাওয়ার পথে খৈনকুটায় পৌঁছলে একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে তাদের আটকে ফেলে। ওই সময় ডাকাতরা কামরুজ্জামানের কাছ থেকে নগদ পাঁচশ টাকা, ২৫ হাজার মার্কিন ডলার ও দুটি মোবাইল সেট এবং সাইফুল ইসলামের কাছ থেকে নগদ পাঁচশ টাকা, একটি হাত ঘড়ি ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় সাইফুল ও কামরুজ্জামান চিৎকার করলে গ্রামবাসী এগিয়ে এসে নয় ডাকাতকে ধরে ফেলে। এরা হল, কাউসার (২৮), কামাল (২২), মাসুদ (২০), সেলিম (২২), হজরত আলী (২৫), লিটন (২০), শাহিন (১৮), রিপন (১৮) ও মোর্শেদ (২০)। বাকি ডাকাতরা পালিয়ে যায়।
নরসিংদীর পুলিশ সুপার মো. সাহাবুদ্দিন খান রোববার জানিয়েছেন, নয় ডাকাত এখন পুলিশের হেফাজতে রয়েছে। ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল খান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। সোমবার তাদের আদালতে হাজির করা হবে। এ ঘটনায় শিবপুর থানায় মামলা হয়েছে।
