শেরপুরে শিশু খুন, বজ্রপাতে মৎস্যজীবী নিহত
শেরপুর সদর উপজেলার ডোরারচর গ্রামে শুক্রবার রাতে সজিব (৫) নামের এক শিশুকে জবাই করে হত্যা করা হয়েছে।
হত্যায় জড়িত অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন, শিশুটির তিন চাচা আব্দুস সালাম (৫০), আলম (৪৫) ও রফিকুল ইসলাম (২০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শিশুটির চাচারা রাত আটটার দিকে ওই শিশুকে খুন করে। পরে পুলিশ বাড়ির পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
এদিকে, একই রাতে পৌর এলাকার মধ্যশেরী গ্রামের ধান ক্ষেতের পানিতে মাছ ধরার সময় বজ্রপাতে এক মৎস্যজীবী মারা গেছেন।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
