বাগেরহাটে চোর সন্দেহে একজনকে নির্যাতন করে হত্যা
বাগেরহাটে চোর সন্দেহে গাজী আবদুর রাজ্জাক ওরফে কালাই খোকন (৪০) নামের এক দিনমজুরকে অমানুষিক নির্যাতনের পর পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে শহরের হাড়িখালী এলাকার ইব্রাহিমের মুদি দোকানে চুরি হয়। এরপর আবদুর রাজ্জাক হঠাৎ করেই উধাও হয়ে গেলে এলাকাবাসী তাকেই সন্দেহ করে। বৃহস্পতিবার রাজ্জাক এলাকায় ফিরে আসেন। শুক্রবার ভোরে ওয়ার্ড কমিশনার শেখ ওহিদুজ্জামানের নেতৃত্বে স্থানীয় কয়েকজন তাকে বাড়ি থেকে ধরে এনে তার ওপর নির্মম অত্যাচার চালায়। আশঙ্কাজনক অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পর রাজ্জাক মারা যান।
পেশায় দিনমজুর আবদুর রাজ্জাক শহরের হরিণখানা এলাকার গাজী মিনহাজ উদ্দিনের ছেলে।
নিহত রাজ্জাকের বড় ভাই সরকারি পিসি কলেজের পিওন সাত্তার ও বাস শ্রমিক লুৎফর রহমান জানান, পৌর কমিশনার শেখ ওহিদুজ্জামানের নেতৃত্বে লিপন, মিলন, দুলাল, আরিফ, সেকেন্দারসহ সাত--আটজন তাদের ছোট ভাই রাজ্জাককে শুক্রবার ভোররাতে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন চালিয়ে হত্যা করে। নির্যাতনের এক পর্যায়ে তারা রাজ্জাকের ডান চোখ ও শরীরের বিভিন্ন স্থানে খেঁজুরের কাঁটা ঢুকিয়ে ক্ষত বিক্ষত করে। এরপর পিটিয়ে তার হাত--পা ভেঙে দেয় তারা।
সাত্তার ও লুৎফর বলেন, “আমরা কমিশনারের কাছে রাজ্জাকের প্রাণভিক্ষা চেয়ে তাকে পুলিশের হাতে তুলে দিতে বলেছিলাম। কিন্তু তারা আমাদের কথা শোনেনি।”
অন্যদিকে পৌর কমিশনার ওহিদুজ্জামান বলেন, “রাজ্জাক একজন চোর। তার অত্যাচারে এলাকাবাসী অতীষ্ঠ হয়ে উঠেছিল। আমি রাজ্জাককে মারিনি। তবে স্থানীয়রা তাকে মারধর করে আমার কাছে নিয়ে এলে আমি তাকে পুলিশে দেওয়ার পরামর্শ দিয়েছি।”
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম চৌধুরী নফহবংি২৪.পড়স কে বলেন, “প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী এটি একটি হত্যাকাণ্ড। ক্ষতিগ্রস্তের পরিবার এ বিষয়ে অভিযোগ করলে আমরা মামলা নেব। বিষয়টি তদন্ত করে দেখা হবে।”
