ধামরাইয়ে মাটির সঙ্গে কয়লা মিশেয়ে পরিবেশবান্ধব ইট
মাটির সঙ্গে কয়লা মিশেয়ে পরিবেশ বান্ধব ইট উৎপাদনের একটি কারখানা স্থাপন করা হয়েছে ঢাকার ধামরাইয়ে। ইউএনডিপির সহায়তায় স্থাপিত এই কারখানায় আগামী মাসের শেষ নাগাদ উৎপাদন শুরু হবে। ইউএনডিপি জানিয়েছে, ‘হাইব্রিড হফম্যান কিল্ন’ নামের নতুন এই প্রযুক্তি একই সঙ্গে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব।
নতুন এই প্রযুক্তিতে প্রচলিত পদ্ধতির তুলনায় অর্ধেক কয়লা প্রয়োজন হবে। ব্যবহৃত কয়লার ৮০ শতাংশ মেশানো হবে ইট তৈরির কাঁচামাল অর্থাৎ মাটির সঙ্গে। বাকি ২০ শতাংশ কয়লা ব্যবহার করা হবে ইট পোড়ানোর কাজে। ফলে জ্বালানি খরচের পাশাপাশি দূষণের পরিমাণও কমে আসবে।
ধামরাইয়ের এই ইট ভাটা থেকে সারা বছরই ইট তৈরি করা যাবে। বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে দেড় কোটি ইট, যা প্রচলিত ভাটাগুলোর তুলনায় প্রায় সাড়ে সাত গুন। প্রচলিত পদ্ধতিতে এই পরিমাণ ইট তৈরি করতে ৫৭০০ টন কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ হয়। অন্যদিকে নতুন প্রযুক্তিতে দেড় কোটি ইট উৎপাদনে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হবে ২৯৫৫ টন। অর্থাৎ ‘হাইব্রিড হফম্যান কিল্ন’ পদ্ধতির ইট ভাটায় বায়ু দূষণের পরিমাণ প্রায় অর্ধেক কমে আসবে।
‘হাইব্রিড হফম্যান কিল্ন’ প্রযুক্তির একটি ইট ভাটা স্থাপন করতে খরচ পড়বে ৩ কোটি ৭৪ লাখ টাকা। এর ৩৫ শতাংশ ব্যাংক ঋণ পেতে ইউএনডিপি ভাটা মালিকদের সহায়তা করবে।
ইউএনডিপি কর্মকর্তা শাকিল আহমেদ জানান, ইউএনডিপির আর্থিক সহায়তায় দেশে এই প্রথম এ ধরনের কারখানা গড়ে তোলা হচ্ছে। গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) ও ইউএনডিপির সহায়তায় আগামী তিন বছরের মধ্যে দেশে এই প্রযুক্তি প্রসারের জন্য ইট ভাটা মালিকদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হবে।
তাছাড়া কার্বন নিঃসরণ কমানো গেলে ইটভাটা মালিকরা অদূর ভবিষ্যতে বিশেষ আর্থিক সুবিধাও পেতে পারেন বলে জানান তিনি।
অবশ্য বাংলাদেশ ইট প্রস্ততকারক মালিক সমিতির সাবেক কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এই নতুন প্রযুক্তির কারখানা স্থাপনের জন্য অনেক বেশি মূলধনের প্রয়োজন। এ কারখানার উৎপাদন ক্ষমতাও বেশি। ফলে উৎপাদিত ইট বিক্রির ক্ষেত্রে ঝুঁকিও বেশি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও এই প্রকল্পের বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেন, যে কোনো নতুন প্রযুক্তি আমদানির ক্ষেত্রেই প্রাথমিকভাবে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে নিজেরা চেষ্টা করলেই এসব সমস্যার সমাধান সম্ভব।
তিনি জানান, দেশে বর্তমানে ৪ হাজার ইট ভাটায় বছরে ১২শ’ কোটি ইট তৈরি হয়। বছরে ইট উৎপাদন বৃদ্ধির হার এখন সাড়ে আট শতাংশ।
