রাজধানীতে কালবৈশাখী, বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত ২
সারাদিন ভ্যাঁপসা গরমের পর বৃহস্পতিবার সন্ধ্যায় কালবৈশাখীর রুদ্ররূপ দেখেছে রাজধানী ঢাকা।
আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী ঝড়ের সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৭ কিলোমিটার। আর আবহাওয়া দপ্তরের আগারগাঁও কার্যালয় এলাকায় ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৬১ কিলোমিটার।
এদিকে রাজধানীতে ঝড়ের সময় বিদ্যুত স্পৃষ্ট হয়ে কাঁঠালবাগানে রমজান মিয়া (৩০) এবং তাছিরুল ইসলাম (৫৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
ধানমন্ডি থানার উপ--পরিদর্শক জহুরুল ইসলাম জানান, রাত পৌনে আটটার দিকে ২৪/বি ফ্রি--স্কুল স্ট্রীটের একটি দোকানের ভেতর বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ব্যপারে নিহত তাছিরুল ইসলামের ছেলে দোকান মালিক আমজাদ হোসেন বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কর্মকর্তা রাশিদুজ্জামান জানান, এটা এ সময়ের স্বাভাবিক ঝড়। ঝড়টি যশোর, কুষ্টিয়া ও রাজশাহী অঞ্চলের একাংশ ছুঁয়ে ঢাকার ওপর দিয়ে বয়ে যায় বলে জানান তিনি।
শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে রাশিদুজ্জামান জানান, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকাসহ অন্যসব বিভাগের দুই--এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ শুক্রবারও অব্যাহত থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ইশ্বরদীতে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলিসিয়াস এবং সর্বনিম্ন সিলেটে ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল সকালে ৭৫ শতাংশ এবং বিকেলে ৬৬ শতাংশ।
ঝড়বৃষ্টির আশঙ্কায় দক্ষিণাঞ্চলের নদী বন্দরগুলোকে বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত ২ নম্বর হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
