নরসিংদীর ছয় খুনের ঘটনায় আটক কালাম পাঁচ দিনের রিমান্ডে
ভোলা নগর মহল্লার যুবরাজ ভিলার ছয় খুনের ঘটনায় আটক আবুল কালামকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
সদর থানার উপ পরিদর্শক ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন বৃহস্পতিবার কালামকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন জানান।
তখন নরসিংদী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী নাজির হোসেন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২২ মে মঙ্গলবার সকালে রইছ উদ্দিন সরকার (৫৫), তার স্ত্রী সালমা বেগম (৪৮), ছেলে রাজিব (২৪), মেয়ে ইউনা (২৮) ও স্বর্ণা (১৮) এবং দত্তক মেয়ে উর্মীর (৮) গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময়ই আবুল কালামকে আটক করা হয়।
আবুল কালাম নিহত গৃহকর্তা রইছ উদ্দীনের ভাগ্নে।
ওই হত্যাকাণ্ডের ঘটনায় রইছ উদ্দীন সরকারের শ্যালক রতন মেম্বার বাদী হয়ে মামলা করেন।
রতন মেম্বারের অভিযোগ, ছেলে রাজিবকে বিদেশ পাঠানোর জন্য কালামকে আড়াই লাখ টাকাও দেন রইছ উদ্দিন। কিন্তু তাতে দেরি হওযায় তিন চার মাস আগে কালামের সাঙ্গে ওই পরিবারের সম্পর্কের অবনতি ঘটে।
আলোচিত ওই ঘটনায় জেলা প্রশাসন বুধবার তিন সদস্যের একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটিও গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
