সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের পদবী উন্নীত
সরকার তিন বাহিনী প্রধানের পদবী উন্নীত করেছে। সেনাবাহিনী প্রধান মইন উ আহমেদের পদবী লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল, নৌবাহিনী প্রধান সারওয়ার জাহান নিজামের পদবী রিয়ার এডমিরাল থেকে ভাইস এডমিরাল এবং বিমান বাহিনী প্রধান এসএম জিয়াউর রহমানের পদবী এয়ার ভাইস মার্শাল থেকে এয়ার মার্শাল পদে উন্নীত করা হয়েছে।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই আদেশ জারি করা হয়। শনিবার সকাল থেকে এ আদেশ কার্যকর করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) মেজর জেনারেল মোহাম্মদ জাহাংগীর আলমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং তাকে সেনাবাহিনীর কোয়ার্টার মার্স্টার জেনারেল (কিউএমজি) নিয়োগ করা হয়েছে।
ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট মেজর জেনারেল আবু তায়েব মোহাম্মদ জহিরুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার (পিএসও) পদে নিয়োগ করা হয়েছে।
প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের (ডিজিএফআই) উপ মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মোহাম্মদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে একই বিভাগের মহাপরিচালক করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে নবম পদাতিক ডিভিশনের জিওসি নিয়োগ করা হয়েছে।
কম্পোজিট ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম মুজাহিদ উদ্দিনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
