এনজিওগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে রাখবে সরকার
এনজিওগুলোর কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া তৈরি পোশাক শিল্পকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে কোনও প্রয়াস দমন করা হবে কঠোরভাবে।
বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ষষ্ঠ বৈঠকে এ সব সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম। আইন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার মইনুল হোসেন।
জরুরি অবস্থার মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তও হয় বলে বৈঠকের একটি সূত্র জানায়।
বৈঠক শেষে আব্দুল করিম সাংবাদিকদের বলেন, বিভিন্ন এনজিও এর কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠায় তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়।
গার্মেন্টস খাত নিয়ে তিনি বলেন, ত্রিপক্ষীয় চুক্তি এখন পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় এ খাতে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। তাই বৈঠকে উপস্থিত বিজিএমইএ এবং বিকেএমইএ এর প্রতিনিধিকে যত দ্রুত সম্ভব শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে বলা হয়েছে। এ খাত কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে জরুরি আইন মোতাবেক সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
আব্দুল করিম জানান, ঢাকা ও গাজিপুরের ২৩টি গার্মেন্টেসের তালিকা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে দেওয়া হয়েছে। এ ২৩টি গার্মেন্টসকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠক সূত্র জানায়, তৈরি পোশাক শিল্পের যে কোনও পরিস্থিতি মোকাবেলায় আপৎকালীন তহবিল গঠনের জন্য গার্মেন্টস মালিকদের অনুরোধ করা হয়েছে। কোনও গার্মেন্টসে শ্রমিকদের বেতন বাকি পড়লে এ তহবিল থেকে তাৎক্ষণিকভাবে তা পরিশোধ করা হবে এবং ওই অর্থ সংশ্লিষ্ট গার্মেন্টস মালিকের ঋণ হিসাবে দেখানো হবে।
স্বরাষ্ট্র সচিব জানান, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি পাটকলে বকেয়া বেতন নিয়ে অসন্তোষ দ্রুত নিরসনের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, দেশের সরকারি ২২টি পাটকলে বকেয়া বেতন এবং নানা সমস্যা নিরসনে ১২০ কোটি টাকা প্রয়োজন বলে পাট সচিব আব্দুর রশিদ সরকার বৈঠকে জানান।
আব্দুল করিম জানান, জরুরি অবস্থার মধ্যে আপাতত পেশাগত বিভিন্ন নির্বাচনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে সূত্র জানায়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের অনুমতি দেওয়ার জন্য ইতিপূর্বে সরকারের কাছে আবেদন জানিয়েছিল। এ বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ফলে তা নাকচ হয়ে গেল। এছাড়া গাজিপুরের ব্র্যাক সেন্টারে নারীবিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনার করার অনুমতি চেয়েছিল বেসরকারি একটি প্রতিষ্ঠান। তারও অনুমতি মেলেনি।
