২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেরা আমানের জামিনের আবেদন হাইকোর্টে খারিজ

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানের জামিনের আবেদন নাকচ করে দিয়েছে হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 06:28 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

অবশ্য একইসঙ্গে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য আদালত সরকারকে প্রতি নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি মো. আবদুল মতিন ও বিচারপতি মো. আবদুল হাই এর বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে অংশ নিয়ে সাবেরা আমানের আইনজীবী আবদুল মালেক ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সাবেরা আমান গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তার জামিন এর প্রয়োজন।

সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান জাহিদ জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাায় বিশেষ আদালত দুই দিনের মধ্যে রায় দেবে। তাই জামিন দেওয়ার প্রয়োজন নেই।

অর্জিত সম্পত্তির উৎস ও মূল্যের সঠিক হিসাব না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৬ মার্চ আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে কাফরুল থানায় দুর্র্নীতির মামলা দায়ের করে।

এ মামলায় সাবেরা আমানকে গত ১২ মার্চ অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত গ্রেপ্তার না করতে হাইকোর্ট সরকারকে নির্দেশ দেয়। গত ২৯ এপ্রিল এ মামলায় অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। গত ৯ মে বিশেষ আদালতে আত্মসমর্পন করে সাবেরা আমান জামিন আবেদন করলে ওই আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মামলাটি এখন সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালতে বিচারাধীন।