২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটিভিকে অনুষ্ঠান সম্প্রচারের অনুমতি দিতে হাইকোর্টের নির্দেশ

একুশে টেলিভিশনকে স্যাটেলাইটের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচারের অনুমতি দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 06:15 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও সৈয়দ রেফাত আহমেদের হাইকোর্ট বেঞ্চ একুশে টিভির দায়ের করা আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়। একইসঙ্গে ছুটির পর একুশে টিভির রিট মামলা শুনানির জন্য নির্ধারণ করে।

সরকার ২২ মে এক প্রজ্ঞাপনে ১২টি দেশি এবং ২৯টি বিদেশি চ্যানেল সম্প্রচারের অনুমতি দিলেও ওই তালিকায় একুশে টিভির নাম না থাকায় প্রতিষ্ঠানটি হাইকোর্টে আবেদন করে।

একুশে টিভির পক্ষে শুনানিতে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, সরকার ২০০৫ সালের ১১ এপ্রিল একুশে টিভিকে পুনঃসম্প্রচারের নির্দেশ দেয়। পরে হাইকোর্ট গত ৭ মার্চ একুশে টিভিকে স্যাটেলাইট ও টেরিস্ট্রিয়াল উভয় মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচারের অনুমতি দিয়েছে।

২২ এপ্রিল বিটিআরসি পুনরায় একুশে টিভির সম্প্রচার বন্ধ করার জন্য নির্দেশ দেয়। ওই আদেশের বিরুদ্ধে একুশে টিভি হাইকোর্টে রিট আবেদন দায়ের করে। ৩ মে হাইকোর্ট কেবল স্যাটেলাইট মাধ্যমে টিভিটির সম্প্রচারের অনুমতি দেওয়া হয়।

গত ২২ মে এক সরকারি প্রজ্ঞাপনের পর পুনরায় একুশে টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়। এসব বিষয় জানিয়ে একুশে টিভির দায়ের করা আবেদনের ওপর শুনানি করে আদালত আদেশ দেন।