২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৪ সালের দুই তৃতীয়াংশ বিচারপ্রার্থীই ঘুষ দিয়েছেন

বাংলাদেশে ২০০৪ সালে যারা বিভিন্ন কাজে আদালতে গিয়েছেন, তাদের দুই তৃতীয়াংশকেই ঘুষ দিতে হয়েছে। এই ঘুষের পরিমাণ মোট জাতীয় আয়ের ২৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 05:37 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর ‘গ্লোবাল করাপশন রিপোর্ট-২০০৭’ এ এই তথ্য প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিশ্বের বিভিন্ন দেশের বিচার বিভাগের দুর্নীতির ওপর এই জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি গোল টেবিল বৈঠকেরও আয়োজন করে।

গোল টেবিল বৈঠকে সাবেক প্রধান বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরী বলেন, “এখন ৩৩ বছর বয়সেই বিচারক হওয়া যায়। এমন অনেক আইনজীবী সম্প্রতি বিচারক হয়েছেন যাদের গত ১৫ বছরে গাউন পড়তে দেখিনি।”

তিনি আরো বলেন, “রাষ্ট্রের সব স্তর থেকেই দুর্নীতি বন্ধ করতে হবে। তা না হলে বিচারব্যবস্থা থেকে দুর্নীতি দূর করা যাবে না। বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। প্রধান বিচারপতিকেও দৃঢ় হতে হবে। বিচার বিভাগেকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার কথা বার বার বলা হলেও বিষয়টি চূড়ান্ত করা হচ্ছে না।”

আইন কমিশনের সদস্য ড. এনামুল হক বলেন, “শুধু বিচার ব্যবস্থা নয়, দেশের সব স্তরেই দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় সবকিছু একদিনে ঠিক করে ফেলার চেষ্টা করলে সমস্যা বাড়বে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে; দুর্নীতি কমার লক্ষণও দেখা যাচ্ছে। তবে যে অভিযান চলছে সেটা যেন শুদ্ধ ও নিরপেক্ষ হয়। সত্যিকারের অপরাধীদের যেন ধরা হয়।”

বিচারপতি গোলাম রব্বানী বলেন, “দুর্নীতিবাজদের প্রতি প্রকাশ্যে ঘৃণাই দুর্নীতি দূর করতে পারে। আমরা রাজনৈতিক দলগুলোর সংস্কার চাচ্ছি। রাজনীতিবিদদের ভদ্রলোক করার অসম্ভব কাজে কেন নামছি আমরা? সরকারের উচিৎ স্থানীয় শাসন ব্যবস্থা গড়ে তুলে জনগণের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া। ওখান থেকেই দল গড়ে উঠবে।”

বিচারপতি কে এম সোবহান বলেন, “বিচার বিভাগে কাজ করছেন এমন অনেকেরই আইনের জ্ঞান সীমিত। ভাষাগত দক্ষতারও অভাব আছে। এদের বাদ দেওয়ার সহজ পদ্ধতি বের করতে হবে। বিচার বিভাগে মূলত তিন জায়গায় দুর্নীতি হয়। আইনজীবী, আদালতের কর্মকর্তা ও কর্মচারীরাই বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত।

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে কেন দেরি হচ্ছে বুঝতে পারছি না। সবাই মিলে এর প্রক্রিয়াগত জটিলতা দূর করতে হবে।”

সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী “বলেন, ‘সংস্কার’ শব্দটি এখন খুব চালু হয়েছে। দলের সংস্কার না করে ঘরোয়া রাজনীতি করা যাবে না। অথচ সংস্কারের জন্য দলের ভেতরে মতামত নিতে হবে। সেটাও হচ্ছে না।”

টিআইবির ট্রাস্ট্রি বোর্ডের সাবেক চেয়ারম্যান খান সারওয়ার মুর্শিদ বলেন, “বিচারপতিরাও ভুল করতে পারেন। সে বিষয়গুলোকেও বিবেচনা করতে হবে। বিচার ব্যবস্থার মধ্যেই তাদের অতীতের ভুল সংশোধনের ব্যবস্থা রাখতে হবে।”

এছাড়া বিচারপতি আবদুর রউফ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, তালেয়া রেহমান, অ্যাডভোকেট সুলতানা নাহার, অ্যাডভোকেট নুসরাত জাহান আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে গ্লোবাল করাপশন রিপোর্ট-২০০৭ এর বিভিন্ন দিক তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সঞ্চালকের দায়িত্বে ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের কোষাধ্যক্ষ এম হাফিজ উদ্দিন খান।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ২০০৪ সালে যারা বিভিন্ন কাজে আদালতে গিয়েছেন, তাদের দুই তৃতীয়াংশকেই ঘুষ দিতে হয়েছে। এই ঘুষের পরিমাণ মোট জাতীয় আয়ের ২৫ শতাংশ।

এছাড়া ২০০২ সালে টিআইএর জরিপে দেশের ৯৬ শতাংশ মানুষ নিম্ন আদালতে দুর্নীতির কথা বলেছেন।

প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ নেপালি মনে করেন তাদের দেশে বিচারবিভাগেই সবচে বেশি দুর্নীতি হয়। কম্বোডিয়ার জনগণের মতে, বিচার বিভাগ ও প্রাদেশিক আদালতগুলোই সেদেশের সবচেয়ে কম বিশ্বস্ত প্রতিষ্ঠান।

ভারতের ৭৭ ভাগ ও পাকিস্তানের ৫৫ ভাগ উত্তরদাতা তাদের বিচার বিভাগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। অন্যদিকে হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের বিচারবিভাগে দুর্নীতি তুলনামুলকভাবে কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার বার্লিন, ঢাকা ও লন্ডন থেকে একযোগে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।