২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা ও আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

খুলনা ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার পাঁচ জন নিহত হয়েছেন। খুলনার রূপসা সেতুর পাড়ে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিন জন। আর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুটি বাসের সংঘর্ষে দু’শিশু নিহত হয়। দুটি দুর্ঘটনায় মোট ২৬ জন আহত হন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 04:16 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

খুলনা প্রতিনিধি জানান, সকালে রূপসা সেতুর পশ্চিম পাশে সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাগেরহাটের ফকিরহাট থেকে আসা একটি পিকআপ ভ্যানের। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন চালক হিরু (৩৫)। হাসপাতালে নেওয়ার পর মারা যান পিকআপ আরোহী নলদা গ্রামের সোলয়মানের ছেলে শহীদুল ইসলাম (৩৫) এবং কাকডাঙ্গা গ্রামের নুরুল শেখের ছেলে বোরহান (৩৪)।

দুর্ঘটনায় আহত হন পিকআপ আরোহী আশরাফ (৩৫), শাহ আলম (৪৯) আলিম (৩৫), রনি (২৮), মদা (৩৬) ও নাছির (৩০)। তারা সবাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক মারুফ হোসেন জানান, পিকআপটিতে চড়ে আট জন মাছের পোনা ব্যবসায়ী খুলনা আসছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের হাসপাতালে নিয়ে যায়। তবে বাসচালক পালিয়ে যায়।

তিনি জানান, লাশগুলো ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর বাস ও বিধ্বস্ত পিকআপ ভ্যানটি লবণচরা ফাঁড়িতে রাখা হয়েছে।

এদিকে যশোরে সড়ক দুর্ঘটনায় আহত সাজ্জাদ (২৫) নামে এক যুবক বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। তার বাড়ি যশোরের কোতয়ালী থানার শংকরাপুর এলাকায়। বাবার নাম আবুল হোসেন। বৃহস্পতিবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, আশুগঞ্জের খড়িয়ালায় ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার দুপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দু’শিশু নিহত ও ৩০ যাত্রী আহত হন।

নিহত দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল, আশুগঞ্জ ও ঢাকার পাঠানো হয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেনগুপ্ত জানান, দুপুর দুইটার দিকে এনপি পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট-নেত্রকোনা রুটের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।