২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ময়নাতদন্ত শেষে রইছ পরিবারের ৬ জনের লাশ দাফন

নরসিংদীতে নৃশংসভাবে খুন হওয়া একই পরিবারের ছয় জনের লাশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতে দাফন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক আবুল কালামকে (৪০) জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য পাওয়া যায়নি। জেলা প্রশাসন বুধবার এ বিষয়ে তিন সদস্যের একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 09:10 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

মঙ্গলবার রাত তিনটায় নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে পারিবারিক কবরস্থানে রইছ উদ্দিন সরকার (৫৫), তার স্ত্রী সালমা বেগম (৪৮), ছেলে রাজিব (২৪), মেয়ে ইউনা (২৮) ও স্বর্ণা (১৮) এবং দত্তক মেয়ে উর্মীর (৮) লাশ দাফন করা হয়।

নরসিংদী সদর থানা পুলিশ মঙ্গলবার সকালে পৌর এলাকার ভেলানগরের যুবরাজ ভিলা থেকে গলিত লাশগুলো উদ্ধার করে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কমকর্তা হাসান ইমাম জানান, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতে নিহতদের লাশ আত্মীয়--স্বজনের কাছে হস্তান্তর করা হয়।

তিনি জানান, গৃহকর্তী সালমা বেগমকে (৪৮) শ্বাসরোধ করে হত্যা করা হয়। অন্যদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এর মধ্যে ইউনাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মরদেহগুলোর অংশ বিশেষ ভিসেরা পরীক্ষার জন্য মহাখালী পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

এদিকে নরসিংদীর পুলিশ সুপার সাহাবুদ্দিন খাঁন জানান,  হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক আবুল কালামকে (৪০) জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য পাওয়া যায়নি।

আবুল কালাম নিহত গৃহকর্তা রহিছ উদ্দীনের ভাগ্নে।

জেলা প্রশাসক জিল্লার রহমান জানান, পুলিশি তদন্তের পাশাপাশি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজির হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট দেবে বলে।

সাহাবুদ্দিন খাঁন জানান, সিআইডি ইন্সপেক্টর মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি দল, নরসিংদী থানা পুলিশসহ পুলিশের বিভিন্ন গোয়েন্দা শাখাও ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

বুধবার চিনিশপুর তিতাস গ্যাসের অফিস সংলগ্ন কবরস্থানে গিয়ে দেখা গেছে, শিশু উর্মীর কবরের পাশে দাঁড়িয়ে বিলাপ করছেন তার মা রোকসানা (৪০)।

উর্মীর বাবা মুছা মিয়া জানান, প্রায় ৮ বছর আগে তার ভগ্নিপতি রইছ উদ্দিন সরকার (৫৫) দুই যমজ বোনের মধ্যে উর্মীকে দত্তক নেন। এরপর থেকে তার লালন--পালন, লেখাপড়ার দায়িত্ব রইছ উদ্দিনই বহণ করে আসছিলেন।

তিনি বলেন, “ঘাতকরা আমার মেয়েসহ ৬ জনকে নৃশংসভাবে হত্যা করেছে। আমি দোষীদের বিচার চাই।

এদিকে মামলার বাদী, রইছ উদ্দীন সরকারের শ্যালক রতন মেম্বার (৫০) জানান, তার ভগ্নিপতির সঙ্গে আবুল কালামের সম্পর্ক আগে ভাল ছিল না। তবে রাজিবকে বিদেশ পাঠানোর কথা বলে গত এক বছর ধরে ওই পরিবারের সঙ্গে আবার  সুসম্পর্ক গড়ে তোলে কালাম। রাজীবকে বিদেশ পাঠানোর জন্য বাড়ি বিক্রি করে কালামকে আড়াই লাখ টাকাও দেন রইছ উদ্দিন।

রাজিবকে বিদেশ পাঠাতে দেরি হওয়ায় তিন চার মাস আগে কালামের সাঙ্গে রইছউদ্দিনের পরিবারের সম্পর্কের আবার অবনতি ঘটে।

রতন মেম্বার আরো বলেন, দ্বন্দ্বের জের ধরে রইছ উদ্দিনকে সপরিবারে খুন করা হয়ে থাকতে পারে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।