রাজশাহী বিভাগে মৃদু তাপপ্রবাহ
রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দুই একদিন এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা প্রসারিত হতে পারে ঢাকা বিভাগেও।
এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি ফোরকাস্টিং অফিসার) শাহজাহান আলম।
বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বগুড়ায় ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ইশ্বরদীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও রংপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
