চট্টগ্রামে তিন কোটি টাকার জমি উদ্ধার
নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে জেলা প্রশাসন বুধবার গণপূর্ত বিভাগের ছয় কাঠা জমি উদ্ধার করেছে। উদ্ধার করা জমির আনুমানিক মূল্য তিন কোটি টাকা বলে জানা গেছে।
আগ্রাবাদ টিঅ্যান্ডটি ভবন ও সোনালী ব্যাংকের কর্পোরেট ভবনের মধ্যবর্তী স্থানে গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) জায়গার ওপর নির্মিত একটি রেস্টুরেন্ট উচ্ছেদ করে এ জমি উদ্ধার করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছ মিয়ার নেতৃত্বে এই অভিযানকালে বুলডোজার দিয়ে ‘সাজনা’ নামের এই রেস্টুরেন্টটি গুঁড়িয়ে দেওয়া হয়।
গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মো. আলম জানান, পাকিস্তান আমলে কয়েকজন ব্যক্তি এই জায়গাটি ইজারা নিয়ে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করে। তিন মাস আগে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় উচ্ছেদের নোটিশ দেওয়া হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কিন্তু নির্দিষ্ট সময় সীমার মধ্যে তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুধবার এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
