সাজার মেয়াদ শেষ হলেও দেশে ফিরতে পারছে না ৩ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী
সাজাভোগের মেয়াদ শেষ হওয়ার পর প্রায় এক বছর পেরিয়ে গেলেও পঞ্চগড় কারাগারে আটক তিন ভারতীয় বিচ্ছিন্নতাবাদী মুক্তি পায়নি। কারাগার সূত্রে জানা গেছে, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (কেএলও) সদস্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ির খগেন সিংয়ের ছেলে মহেশ সিং (৩৮) এবং জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানার সালুপাড়ার মৃত রমণী রায়ের ছেলে রণজিৎ রায় (২৭) ও ফালাকাটা থানার নবনগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে বিপ্লব কুমারের (২৬) আট মাসের কারাদণ্ড হয়। সাজাভোগের পর গত বছরের ২৭ মে তাদের মুক্তি পাওয়ার কথা ছিল।
এ তিনজনের মুক্তি নিয়ে কারাগার কর্তৃপক্ষ একাধিকবার বিভিন্ন পর্যায়ে চিঠি চালাচালি করে। সর্বশেষ গত মার্চ মাসের শেষে তারা আরও একদফা চিঠি দেয়। কিন্তু ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে কোনো উত্তর না পাওয়ায় বন্দীদের মুক্তির বিষয়টি ঝুলে পড়েছে।
এ ব্যাপারে বুধবার কারা কর্মকর্তা আবদুল জলিল হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের মুক্তির জন্য যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে একটি কারা সূত্র জানিয়েছে, ভিনদেশী নাগরিক হওয়ায় কারা কর্তৃপক্ষকে এদের ওপর বাড়তি নজরদারি রাখতে হচ্ছে। কম জনবলের কারণে কারা কর্তৃপক্ষকে এ নিয়ে প্রায়ই বিপাকে পড়তে হয়।
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা সীমান্তের কহরুরহাট এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২০০৫ সালের ১৯ সেপ্টেম্বর বিডিআর সদস্যরা তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়। রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (কেএলও) সদস্য বলে স্বীকার করেন।
