টাঙ্গাইলে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১
টাঙ্গাইল সদর উপজেলায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে বুধবার সকালে এক সংঘর্ষে একজন মহিলা নিহত ও ১৫ জন আহত হয়েছে। এছাড়া অপর একটি সংঘর্ষে আরও আটজন আহত হয়েছে।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
টাঙ্গাইল থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, সকালে টাঙ্গাইল পৌর এলাকার আলোয়া ভবানী গ্রামে বিরোধপূর্ণ জমি ধান কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষ হয়। এতে সেলিনা আক্তার (৩৫) নামের একজন মারা যান, আহত হয় আরও ১৫ জন।
নিহত সেলিনা সদর পৌর কমিশনার মোহাম্মদ আলীর স্ত্রী।
এ ছাড়া হুগড়া ইউনিয়নের বাদুরিয়া গ্রামে সকালে ধান কাটাকে কেন্দ্র করে অপর একটি সংঘর্ষে আটজন আহত হয়।
