২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক ভুল করলে প্রতিকারের উপায় আছে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন বলেছেন, বিচারক যদি ভুল করেন তবে তা প্রতিকারের উপায় রয়েছে। এ কারণে আদালত ও বিচারকদের প্রতি উশৃংখল আচরন প্রদর্শন করা উচিত নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 12:36 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

মঙ্গলবার রাতে রাজধানীর চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত হাইকোর্ট ও নিম্ন আদালতে ৮০১ জন  আইনজীবীর তালিকাভুক্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, “ মামলার ফল যাই হোক না কেন তাতে বিশৃংখলভাবে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করার কোন কারণ নেই। বিচারক ভুল করলে তার প্রতিকারের উপায় রয়েছে। কিন্তু উশৃংখলতা প্রদর্শন করা ঠিক নয়। আদালত কক্ষে নিয়ম শৃংখলা মেনে চলতে হবে। বর্তমানে বিনা কারণে শৃংখলার বহু প্রাচীন প্রথার বিচ্যুতি ঘটেছে।”

নতুন আইনজীবীদের স্বাগত জানিয়ে প্রধান বিচারপতি বলেন, আইন পেশায় জ্ঞান অর্জনই প্রধান বিষয়। জ্ঞান হলো বিজয় অর্জন ও আদালতের শ্রদ্ধা অর্জনের প্রধান অস্ত্র। এই পেশায় সহজে সফলতা সম্ভব নয়। এর সফলতার পেছনে ধৈর্য্য ও অধ্যবসায় মূখ্য ভূমিকা পালন করে। সফল আইনজীবী হতে হলে অধ্যাবসায়ী হতে হবে। যারা সহজে দ্রুততম সময়ে সফলতা চায় তারা মাঝেমধ্যে সফলতা পেলেও চুড়াšতভাবে তাদেরকে হয় পেশা ছেড়ে দিতে হয় নতুবা পেশায় মর্যাদাহীন অবস্থায় থাকতে হয়।

তিনি বলেন, “ শৃংখলা ও সততা আইন পেশার প্রাণ। কোন আইনজীবীর সবচেয়ে বড় অর্জন হলো বিচারপ্রার্থী মানুষ যখন তার সততার প্রশংসা করে এবং তার প্রতি আস্থা প্রদর্শন করে।”

অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, বার ও বেঞ্চের সুসম্পর্ক ন্যায়বিচার পরিচালনায় সহায়তা করবে।

ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, “ আজ বেঞ্চ ও বারের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে। এ থেকে উত্তরনে বেঞ্চ ও বারকে একত্রে কাজ করতে হবে। এই দুইয়ের মধ্যে যা কিছু খারাপ রয়েছে তা নিজেদেরকে দূর করে ফেলতে হবে।”

বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তি কমিটির চেয়ারম্যান বিচারপতি তাফাজ্জাল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি মোঃ আবদুল মতিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও বার কাউন্সিল নির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।