খুমেক হাসপাতালের সেবা নিয়ে রোগীরা অসন্তুষ্ট: টিআইবি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে গেলে রোগীদের ওয়ার্ড বয়, স্টাফ থেকে শুরু করে ডাক্তারকে পর্যন্ত টাকা দিতে হয়। অনেক সময় রোগীকে সুস্থ হওয়ার আগেই শয্যা ছাড়তে হয়। বহির্বিভাগের রোগীদের চিকিৎসা সেবা নিতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি খুলনা পরিচালিত এক জরিপ প্রতিবেদন থেকে এ সব তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদনটি প্রকাশ করবে টিআইবি।
জরিপ প্রতিবেদনে দেখা গেছে, ২৪ শতাংশ রোগীকে হাসপাতাল থেকে রিলিজ সার্টিফিকেট নিতে গড়ে ৩৪ টাকা করে ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় ও স্টাফদের ঘুষ দিতে হয়েছে। ২৬ শতাংশ রোগীকে সুস্থ হওয়ার আগেই শয্যা ছাড়তে হয়েছিল। হাসপাতালের কেবিন ব্যবহারকারীদের অর্ধেককেই গড়ে ৭৫০ টাকা করে হাসপাতালের স্টাফকে অতিরিক্ত টাকা দিতে হয়েছে। ২১ শতাংশ ট্রলি ব্যহারকারীকে ওয়ার্ড বয়দের গড়ে ৮৯ টাকা করে অতিরিক্ত দিতে হয়েছে।
বহির্বিভাগের রোগীদের ৯৫ শতাংশ জানান, তাদের ডাক্তার দেখানোর জন্য গড়ে এক ঘণ্টা সাত মিনিট করে অপেক্ষা করতে হয়েছে।
অন্তর্বিভাগের ২৫ শতাংশ রোগী জানান, রাতের বেলা জরুরি মুহূর্তে ডাক্তারকে পাওয়া যায়নি।
বহির্বিভাগের ৪৩ শতাংশ রোগী ডাক্তারের সেবায় অসন্তুষ্ট। ৪১ শতাংশ রোগী হাসপাতাল থেকে কোন ওষুধ পাননি। অন্তর্বিভাগে কোন ওষুধ না পাওয়ার হার ৪৩ শতাংশ।
নারী রোগীদের ২০ শতাংশ জানান, ডাক্তার তাদের বিভিন্ন সময়ে অশ্লীল মন্তব্য করেছেন। ১০ শতাংশ জানান, ডাক্তার অনাকাঙ্খিতভাবে তাদের শরীর স্পর্শ করেছে। ৭০ শতাংশ রোগী বলেছে, ডাক্তার তাদের বকাঝকা করছে।
জরিপে অংশগ্রহণকারীরা জানান, হাসপাতালে রোগীদের বিভিন্ন পরীক্ষা বাবদ অতিরিক্ত অর্থ দিতে হয়েছে এবং ডাক্তাররা তাদের ব্যক্তিগত চেম্বার বা ক্লিনিকে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ ছাড়াও হাসপাতালের খাবারের মান নিয়ে ১৪ শতাংশ, পরিচ্ছন্নতা নিয়ে ২৭ শতাংশ, শয্যার পরিচ্ছন্নতা নিয়ে ১৭ শতাংশ এবং পরিবেশ নিয়ে ৪১ শতাংশ রোগী তাদের অসন্তোষ প্রকাশ করেছেন।
জরিপ প্রতিবেদনের তথ্যের সত্যতা স্বীকার করে টিআইবি খুলনার কর্মসূচি কর্মকর্তা নকীব রাজীব আহমেদ বলেন, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই জরিপ প্রতিবেদন প্রকাশ করা হবে।
