‘ফুলবাড়ি ও টাটা নিয়ে এখন কোনো সিদ্ধান্ত নয়’
এশিয়া এনার্জির ফুলবাড়ি কয়লা প্রকল্প এবং টাটার বিনিয়োগ প্রস্তাব নিয়ে তত্ত্ববধায়ক সরকারকে কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য এক সভা থেকে আহবান জানিয়েছেন বক্তারা।
মঙ্গলবার রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জাতীয় সম্পদ, জ্বালানী ও পরিবেশ কর্মসূচি কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা যেকোনো নীতি প্রণয়নের আগে তা নিয়ে প্রকাশ্য আলোচনার দাবি জানান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমেদ সভায় বলেন, যে কোন নীতি গ্রহণ করার আগে জনসমক্ষে আলোচনার জন্য দেওয়া হোক। এ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। জনসাধারণের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে।
প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, শতভাগ মালিকানা আমাদের হাতে রেখে আমরা ঠিকাদার দিয়ে কয়লা উত্তোলন করতে পারি। তাহলে এটা আমাদের অধিকারে থাকবে। জ্বালানী ও বিদ্যুৎ খাতে যত দুর্নীতি হয়েছে সব ধরতে হবে। নতুন কোন নীতি গ্রহণ করার আগে জনমত নেওয়া উচিত।
তিনি বলেন, “ আমি সম্প্রতি ফুলবাড়ী গিয়েছিলাম। সেখানকার জনসাধারণ আতঙ্কিত। কারণ তারা মনে করছে কয়লনীতি প্রনয়ণ করে ফুলবাড়ি এশিয়া এনার্জিকে দেওয়া হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আবু আহমেদ বলেন, পৃথীবির কোথাও নীতি প্রনয়ণের সময় এত রাখঢাক করা হয়না। আমাদের দেশে হয়। জ্বালানী ও কয়লা নীতি প্রকাশ করে জনসাধারণের মতামত গ্রহণ করতে হবে। দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না।
সংবাদ সম্মেলনে মুল বক্তব্য উপস্থাপন করেন পিডিবির সাবেক চেয়ারম্যান নুরুদ্দীন মাহমুদ কামাল। তিনি বলেন, কয়লা রপ্তানি সম্পর্কিত কোন চুৃক্তি করা যাবে না। উন্মুক্ত কয়লা খনির প্রস্তাব গ্রহণ করা যাবে না। বিদ্যুৎ খাতে অগ্রাধিকার ভিত্তিতে ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের স্বচ্ছ প্রস্তাব গ্রহণ করতে হবে। নেপাল, ভূটান বা মিয়ানমার থেকে বিদ্যুৎ আনার প্রস্তাব বাদ দিতে হবে।
এতে বলা হয়, বর্তমান সরকার স্বল্প মেয়াদী। দায় দায়িত্ব সীমিত। তাই এ সরকার জ্বালানী খাতের কোন প্রকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করবে না-- এটা সুস্পষ্ঠভাবে ঘোষণা করতে পারে। এ কারণে কয়লানীতি, এশিয়া এনার্জিল ফুলবাড়ী কয়লা প্রকল্প এবং টাটার বিনিয়োগ প্রস্তাব পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রাখতে পারে।
তিনি বলেন, বর্তমান সরকার অনেকটা অগোছালোভাবে গভীর সমুদ্রাঞ্চলে ৬টি ব্লককে পুনর্বিন্যস্ত করার মাধ্যমে চতুর্থ দফায় দরপত্র আহ্বার করার চেষ্টা শুরু করেছে। বর্তমান সরকারের যুক্তিসঙ্গত কারণে এসব দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর থেকে বিরত থাকা উচিত।
জ্বালানী ও বিদ্যুৎ উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আগামী সেপ্টম্বর ২০০৮ সাল পর্যন্ত কোন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সম্ভব নয় -- এটা দেশবাসীকে আশাহত করেছে। বিতর্কিত ও গণবিমুখ খসড়া কয়লানীতি এবং টাটা--এশিয়া এনার্জি কোম্পানীর প্রস্তাবিত উন্মুক্ত কয়লাখনি প্রকল্প নিয়ে তারা যেভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন তা দুঃখজনক এবং দেশের স্বার্থ পরিপন্থি বলে অভিযোগ আসছে।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সম্পদ, জ্বালানী ও পরিবেশ কর্মসূচি কমিটির সদস্য সচিব জাকির হোসেন। আরোও বক্তব্য রাখেন ড. শামসুল আলম।
