নীলফামারীতে সেনাপ্রধানের ঝটিকা সফর
সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মঈন উ আহমেদ মঙ্গলবার দুপুরে এক ঝটিকা সফরে নীলফামারী আসেন। দুপুর ১২টা ২৫ মিনিটে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে নীলফামারী হাই স্কুল মাঠে অবতরণ করে তিনি স্থানীয় পিটিআই সেনা নিয়ন্ত্রণ ক্যাম্পে যান।
সেখানে তিনি সেনা ক্যাম্পের প্রধান ও সেনা সদস্যদের সঙ্গে মিলিত হন বলে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত কিছু জানা যায়নি।
সেনা প্রধানের আগমন উপলক্ষে নীলফামারী হাই স্কুল মাঠসহ সেনা ক্যাম্প পর্যন্ত কঠোর নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয়। এ সময় মাঠের চারদিকে ছিল উৎসুক জনতার ভিড়।
তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন জেলা প্রশাসক খন্দকার মোকলেছুর রহমান, পুলিশ সুপার এ বি সিদ্দিকী মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিয়ার রহমান।
দেশে জরুরি অবস্থা জারির পর গত ১১ জানুয়ারী নীলফামারী পিটিআইতে সেনা নিয়ন্ত্রণ ক্যাম্প স্থাপন করা হয়।
