২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতি মামলায় কুষ্টিয়ায় ১৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় একটি ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডেরও নির্দেশ দেওয়া হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 04:59 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

মঙ্গলবার কুষ্টিয়ার সহকারী দায়রা জজ প্রথম আদালতে বিচারক আবদুর রশিদ মিয়া এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের আলম, আলী হোসেন, মোতা, তোজাম--১, তোফাজ, টিটু, নান্টু, আছকান ওরফে আসলাম, রিপন, সান্টু ওরফে সেন্টু, আকমল ও নিহারুল এবং একই উপজেলার মহিষকুণ্ডি মাঠপাড়া গ্রামের তোজাম--২।

এদের মধ্যে তোজাম--১, সান্টু ওরফে সেন্টু, আকমল, তোজাম--২ ও নিহারুল আটক রয়েছেন। বাকিরা পলাতক। 

মামলার বিবরণে বলা হয়, ২০০২ সালের ২২ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে একদল ডাকাত দৌলতপুর উপজেলার ময়রামপুর গ্রামের মখলেছুর রহমানের বাড়িতে সাত লাখ টাকার মালামাল লুট এবং গৃহকর্তাকে জখম করে। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দুই ডাকাতকে আটক করে। এসময় জনতার গণপিটুনিতে একজন নিহত এবং অন্যজন অন্ধ হয়ে যায়।

পরদিন দৌলতপুর থানায় ডাকাতি মামলাটি দায়ের করা হয়।