মেহেরপুরে সাবেক সাংসদ আব্দুল গনির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
মেহেরপুর--২ (গাংনী) আসনের বিএনপি দলীয় সাংসদ আবদুল গনির বিরুদ্ধে চার লাখ টাকার চাঁদাবাজির মামলা করেছে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মঙ্গলবার মেহেরপুরের প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট শাহাদৎ আলীর আমলি আদালতে এস কে এম স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, সাবেক এই সাংসদ বিদ্যালয়টি এমপিওভুক্ত করার নামে দুই কিস্তিতে চার লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি সাংসদকে দাবিকৃত টাকা দিলেও তার বিদ্যালয় এমপিওভুক্ত হয়নি। এর পরিপ্রেক্ষিতে টাকা ফেরত চাওয়া হলে সাংসদ তাকে প্রাণনাশের হুমকি দেন।
এই নিয়ে সাংসদের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতসহ চাঁদাবাজির অভিযোগে মোট চারটি মামলা দায়ের করা হয়েছে।
