মামুনের দুর্নীতি মামলায় দুজনের সাক্ষ্যগ্রহণ
বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় মঙ্গলবার দুজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বিশেষ জজ আদালত-- ৫ এর বিচারক মোহাম্মদ আশরাফ হোসেনের আদালতে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক আখতার হামিদ ভূঁইয়া ও মাঠকর্মী আখেরুজ্জামানের সাক্ষ্য নেওয়া হয়। অপর সাক্ষী মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিন অসুস্থ থাকায় বুধবার তার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন বিচারক।
এর আগে সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জের কারাগার থেকে মামুনকে জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলের বিশেষ আদালতে হাজির করা হয়।
গত ১৪ মে এই মামলার অভিযোগ গঠনের পর ১৭ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। কিন্তু গিয়াসউদ্দিন আল মামুন অসুস্থ থাকায় সাক্ষ্য নেওয়ার তারিখ পিছিয়ে মঙ্গলবার ধার্য করা হয়।
১৮ ফেব্র“য়ারি দুর্নীতি দমন কমিশন ৫০ জন ‘দুর্নীতিবাজ’ এর একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘণ্টার মধ্যে স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দেয়। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের হিসাব না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক আখতার হামিদ ভূঁইয়া মামুনের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে আওয়ামী লীগ নেতা ড. মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার সম্পূরক তদন্ত প্রতিবেদনের শুনানি সোমবার শেষ হয়েছে। সংসদ ভবনের পুরনো এমপি হোস্টেলে বিশেষ জজ আদালত-- ৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন তদন্ত প্রতিবেদনটি সম্পূরক হিসেবে গ্রহণ করেছেন। আগামী ২৭ মে অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন আদালত।
