এভাবে চললে পাট খাত ধ্বংস হয়ে যাবে: গীতিআরা
দেশের পাট শিল্প দুর্দশার মধ্যে আছে স্বীকার করে শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী বলেছেন, এভাবে চললে পাট খাত ধ্বংস হয়ে যাবে।
সোমবার অর্থনৈতিক প্রতিবেদক ফোরাম (ইআরএফ) আয়োজিত এক প্রাক --বাজেট আলোচনায় উপদেষ্টা বলেন, “দেশের পাট শিল্প এখন দারুণ দুর্দশার মধ্যে রয়েছে। সরকারি পাট কলগুলোতে কোটি কোটি টাকা বকেয়া পড়েছে। শ্রমিক ও কৃষকরা তাদের পাওনা টাকা পাচ্ছেন না। এভাবে চললে পাট খাত ধ্বংসের মুখে পড়বে।”
তিনি বলেন, “দেশের পাট খাতের গৌরব পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করবো। পাট খাতের সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের নিয়ে বড় ধরনের গবেষণা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। গবেষণার ফলাফল অনুযায়ীই সিদ্ধান্ত নেব আমরা।”
পাটকল বেসরকারিকরণ প্রসঙ্গে তিনি বলেন, “পরীক্ষা--নিরীক্ষা ও পরিস্থিতি বিবেচনা না করেই সরকার পাটকলগুলো বেসরকারি খাতে ছেড়ে দিতে পারে না। কিছু পাটকল লাভজনক করা সম্ভব। আমরা সেগুলো বন্ধ করে দিতে পারি না।”
আবসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধের বিষয়ে উপদেষ্টা বলেন, “আমাদের পর্যাপ্ত বাণিজ্যিক এলাকা নেই। তাছাড়া বিগত সরকার আবাসিক এলাকাগুলোতে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানকে কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে। এ সমস্যার সমাধান করতে হলে প্রথমে আমাদের বাণিজ্যিক এলাকা তৈরি করতে হবে।”
ঢাকা চেম্বারের সভাপতি হোসেইন খালেদ বলেন, “ব্যবসায়ীরা নিরপেক্ষ; অতিরিক্ত খবরদারির ভেতর তারা ব্যবসা বাড়াতে আগ্রহী হন না।”
