২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী আ. লীগ নেতাদের কেন জামিন দেওয়া হবেনা তা জানতে চেয়েছে হাইকোর্ট

শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরা ১০ প্রবাসী বাংলাদেশীসহ ১২ জনকে জরুরি আইনের মামলায় কেন জামিন দেওয়া হবেনা সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। আদালত সূত্রগুলো এতথ্য দিয়েছে। এছাড়া আদালত এডাবের কর্মকর্তা আবুল কাসেম পলাশকে জরুরি আইনের মামলায় অর্ন্তবর্তীকালীন জামিন দিযেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 08:00 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

সোমবার বিচারপতি খাদেমূল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ ১২ আওয়ামী লীগ নেতা ও এডাবের কর্মকর্তা পলাশের দায়ের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ডিটেনশন মামলার জামিনের আবেদন শুনানির জন্য প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন বিচারপতি এম এ মতিনের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।

বিশেষ ক্ষমতা আইনে আটক ব্যক্তির জামিনের আবেদন বিবেচনার এখতিয়ার না থাকায় বিচারপতি খাদেমূল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার মেয়র মহিউদ্দিনের জামিন আবেদনের বিষয় নিষ্পত্তিতে আদেশ দেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছিল।

শেখ হাসিনার সঙ্গে সম্প্রতি দেশে আসা প্রবাসী বাংলাদেশীসহ ৪০ জনকে ১৪ মে সিলেটে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। জরুরি ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় ৮ যুক্তরাষ্ট্র প্রবাসী ও ২ কানাডা প্রবাসী বাংলাদেশী জামিন আবেদন করেন হাইকোর্টে। তারা হলেন, মোঃ শফিকুর রহমান চৌধুরী, সারোয়ার হোসেন, অরুন উদয় পাল, আবু সাঈদ চৌধুরী, মোঃ ফারুক চৌধুরী, আবুল কাসেম, ইয়াহিয়া আহমেদ, হাজী আবদুর রহিম, সৈয়দ সাজেদুর রহমান ও মোহাম্মদ আলী। এছাড়া একই মামলায় আটক বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সিলেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন সিরাজ ও অ্যাডভোকেট শামীম আহমেদও জামিনের আবেদন জানান।

এদিকে এডাবের কর্মকর্তা আবুল কাসেম পলাশকে ১১ জানুয়ারি জরুরি ক্ষমতা জারির রাতে গ্রেফতার করা হয়। হাইকোর্ট ও অ্যাডভাইজারি বোর্ড তার আটকাদেশ বাতিল করে দেন। এছাড়া তিনটি মামলায় জামিন পেয়ে ৩ মে কারাগার থেকে বের হওয়ার সময় গেটে তাকে আবারও গ্রেপ্তার করা হয়। জরুরি ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় হাইকোর্ট তাকে জামিন দেয়।

জামিন আবেদন তিনটি পরিচালনা করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিখিলেশ দত্ত।