চট্টগ্রাম বন্দরে শ্রমিক মজুরি নির্ধারণে কমিটি
চট্টগ্রাম বন্দরে সদ্য প্রবর্তিত বার্থ অপারেটর পদ্ধতি সফল করার এবং শ্রমিকদের ন্যায্য মজুরিসহ সব ধরনের সুযোগ--সুবিধা নিশ্চিত করার আহবান জানানো হয়েছে।
সোমবার চটগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) উদ্যোগে অনুষ্ঠিত এক বৈঠকে এই আহ্বান জানানো হয়। সেইসঙ্গে শ্রমিকদের মজুরি ও অন্যান্য ভাতা নির্ধারণের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বেলা ১২টা থেকে তিন ঘন্টাব্যাপী বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত বৈঠকে স্টিভিডোরিং প্রথার বদলে গত ১৬ মে থেকে চালু বার্থ অপারেটর পদ্ধতির কার্যক্রমের পর্যালোচনা এবং এ পদ্ধতিকে সফল করার উপায়গুলো নিয়ে আলোচনা হয়।
এতে বন্দর বিষয়ক টাস্কফোর্সের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির বার্থ অপারেটরদের কার্যক্রমের প্রশংসা করে বলেন, এটি পরীক্ষামূলক ব্যবস্থা হিসাবে চালু হলেও একে সফল করে তুলতে হবে। তিনি কোন অবস্থাতেই যাতে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত না হন এবং তারা যাতে আগের মতোই সব সুুযোগ--সুবিধা ভোগ করতে পারেন সে বিষয়টি নিশ্চিত করার জন্য বার্থ অপারেটরদের প্রতি আহবান জানিয়েছেন।
বৈঠকে চবকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন ইয়াহইয়া সাঈদ এবং চবক ও যৌথবাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তারা, চিটাগাং চেম্বারসহ বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো ও বার্থ অপারেটরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে শ্রমিকদের মজুরি ও অন্যান্য ভাতা নির্ধারণের জন্য চবকের ডেপুটি ট্রাফিক ম্যানেজার গোলাম সরোয়ারকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
এ ব্যাপারে বার্থ অপারেটরদের মুখপাত্র ফজলে একরাম বলেন, “শ্রমিকদের মজুরি ও ভাতা কোনো অবস্থাতেই আগের চাইতে কম হবে না। আমরা সে ধরনের একটি প্রস্তাব রেখেছি। তবে এ ব্যাপারে গঠিত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।”
তাছাড়া বৈঠকে উপস্থিত চিটাগং কন্টেইনার টার্মিনালের (সিসিটি) বেসরকারী অপারেটর সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন জানান, সিসিটি থেকে পণ্য সরবরাহের মাশুল বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এতে বেসরকারী বার্থ অপারেটরদের পক্ষ থেকেও কিছু সমস্যা তুলে ধরা হয়।
এ প্রসঙ্গে বার্থ অপারেটর ফজলে একরাম বলেন, “আমরা বিশেষ করে জেটি থেকে বিভিন্ন অফ--ডকে (বেসরকারী আইসিডি) কন্টেইনার রাখার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছি। অফ--ডকগুলোতে কন্টেইনার হ্যান্ডলিং এর সরঞ্জামের অভাব এবং পর্যাপ্ত স্থান সংকুলান না হওয়ায় বার্থ অপারেটরদের যে ভোগান্তি হচ্ছে সে বিষয়গুলো বৈঠকে তুলে ধরা হয়েছে।”
বন্দর কর্তৃপক্ষের মতে, বার্থ অপারেটরদের কাজের উপর নির্ভর করছে আগামীতে বন্দরে পরীক্ষামূলকভাবে চালু এ পদ্ধতিটির সরকারী অনুমোদন লাভ। এই পদ্ধতি সরকারী অনুমোদন পেলে খোলা দরপত্রের মাধ্যমে বার্থ অপারেটর নিয়োগ দেওয়া হবে। যেখানে বর্তমান অপারেটররা ছাড়াও যেকোনো সক্ষম বেসরকারী প্রতিষ্ঠান ঐ দরপত্রে অংশ নিতে পারবে। তখন বার্থ অপারেটররা বন্দরের শ্রমিক ছাড়াও বাইরে থেকে শ্রমিক নিয়োগ দিতে পারবে।
