২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহকদের অধিকার রক্ষায় সেবাখাতে ‘ক্লায়েন্ট চার্টার’ চান প্রধান উপদেষ্টা

সরকারি সেবাখাতগুলো নিয়ে গ্রাহকদের অভিযোগ থাকার বিষয়টি স্বীকার করেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। এ কারণে একটি গ্রাহক অধিকার সংক্রান্ত সনদ (ক্লায়েন্ট চার্টার) প্রণয়নের পরামর্শ দিয়েছেন তিনি। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে সোমবার এক বৈঠকে ড. ফখরুদ্দীন এ পরামর্শ দেন। সরকারি সেবাখাতের মান সম্পর্কে বিস্তর অভিযোগের কথা মনে করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশের নাগরিক ও করদাতা হিসেবে সরকারি সেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার। সরকারি সেবাদাকারী প্রতিষ্ঠানগুলোর ‘ক্লায়েন্ট চার্টার’ না থাকায় জনগণ ওইসব প্রতিষ্ঠানের প্রদেয় সেবা ও নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারে না। এজন্য তিনি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে ‘ক্লায়েন্ট চার্টার’ প্রণয়নের পরামর্শ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 01:36 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বৈঠকে দেশে নির্বাচনের উপযোগী পরিবেশ সৃষ্টি, প্রশাসনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ এবং বিরাজমান বিভিন্ন সমস্যা নিরসনের বিভিন্ন দিক নিয়েও কথা বলেছেন  প্রধান উপদেষ্টা।

বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা দেশে অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টির পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় বর্তমান সরকারের আন্তরিকতার বিষয়টি মনে করিয়ে দিয়ে বলেন, “একটি সংঘাতময় অরাজক পরিস্থিতির প্রেক্ষাপটে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ে দেশে স্থিতিশীলতা ফিরে আসায় সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। জনগণ আশা করে, রাজনৈতিক অঙ্গনে সব পক্ষের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার মাধ্যমে দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে রাষ্ট্রযন্ত্রের সর্বত্র সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সন্ত্রাস ও দুর্নীতির করাল গ্রাস থেকেও জনগণ মুক্তি চায়। জনগণের এই প্রত্যাশা পূরণে আমাদের সরকার দৃঢ়প্রতিজ্ঞ।”

মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সকাল ১১ টায় অনুষ্ঠিত এ বৈঠকে সচিবরা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজের ক্ষেত্রে সমস্যাগুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন।

নিবাচন কমিশন পুনর্গঠনে বিভিন্ন পদক্ষেপের কথা বর্ণনা করে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুনর্গঠিত এই কমিশন নির্বাচন সংক্রান্ত আইন ও নীতিমালা সংশোধনের একটি খসড়া প্রস্তুতসহ সুশীল সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় শুরু করেছে। তারা ছবিসহ ভোটার তালিকা তৈরির বিষয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ নিচ্ছে।

ভোটার তালিকা তৈরির প্রণয়নের পাইলট প্রকল্প আগামী মাস থেকে শুরু হলে বিষয়টি সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দুর্নীতি দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনকেও পুনর্গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কশিন আইন, ২০০৪ সংশোধন করে জারি করা হয়েছে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ। এছাড়া আমরা দুর্নীতি দমন সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনেও অনুস্বাক্ষর করায় আন্তর্র্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ঠেকানো যায়নি স্বীকার করে তিনি বলেন, সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও অধিকাংশ পণ্য আমদানি--নির্ভর হওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারে সেগুলোর দাম বৃদ্ধির প্রবণতা রোধ করা যায়নি।

ফখরুদ্দীন আহমদ সাধারণ ভোক্তাদের প্রয়োজনে বিডিআর এর ডাল--ভাত কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি রোজার মাসে সেটি আরও বাড়ানোর ঘোষণা দেন।

দেশে বিরাজমান বিদ্যুৎ সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, “বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আমরা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছি। গ্রীষ্মকালে বিদ্যুৎ সংকট মোকাবেলায় লোড-ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা লোডশেডিং এর ব্যাপকতা কমানোর চেষ্টা চালাচ্ছি।”

বিদ্যুৎ সংকট থেকে উত্তরণে বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দিয়ে তিনি বলেন, বেসরকারি মালিকানাধীন ক্যাপটিভ পাওয়ার প্লান্ট থেকে বিদ্যুৎ কেনার নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন প্লান্টগুলোর রক্ষণাবেক্ষণ শেষ হলে চলতি বছরের শেষ নাগাদ প্রায় ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। এছাড়া যেসব বিদ্যুৎ প্রকল্প থেকে ২০০৮ বা ২০০৯ সালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ করার কথা, সেগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।

ফখরুদ্দীন আহমদ চলতি অর্থবছরের এডিপি বাস্তবায়নের অগ্রগতি আগের বছরের তুলনায় কম হওয়ার আশঙ্কা প্রকাশ করে আগামী অর্থবছরের এডিপি সুষ্ঠুভাবে বাস্তবায়নে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য সচিবদের নির্দেশ দেন।