২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফ উপকূলে ঘূর্ণিঝড়ে নিহত আরও চারজনের লাশ উদ্ধার

ঘূর্ণিঝড় ‘আকাশ’ এর তাণ্ডবে নিহত আরও চার অজ্ঞাত মানুষের লাশ রোববার টেকনাফ উপকূল থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া রোববার ভোর থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রবল বর্ষণে কক্সবাজার জেলার বিভিন্ন উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। এনিয়ে গত তিনদিনে অজ্ঞাত পরিচয় ১১ জনের লাশ উদ্ধার করা হলো।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 09:44 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

স্থানীয় লোকজন জানান, রোববার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুঁটির মুখ ও টেকনাফ সদর ইউনিয়নের লেংগুর বিল সমুদ্র সৈকতে চারটি লাশ দেখা যায়। সকালে টেকনাফের সৈকতে লাশগুলো ভাসতে দেখে স্থানীয়রা সেগুলো উদ্ধার করে টেকনাফ পুলিশকে খবর দেয়। লাশগুলো পঁচে গলে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী জানিয়েছেন, লাশের পরিচয় না পাওয়ায় জেলা প্রশাসককে জানিয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় সেগুলো স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয়রা জানান, উদ্ধার করা লাশগুলো গত ১৪ মে রাতে বঙ্গোপসাগরে ঘুর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া কোনো ট্রলারের জেলেদের হতে পারেন।

এদিকে রোববার ভোররাত থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কক্সবাজার জেলায় প্রবল বৃষ্টিপাত হওয়ায় এবং সামুদ্রিক জোয়ারের পানি বেড়ে জেলার বিভিন্ন উপকূলীয় নিুাঞ্চল প্লাবিত হয়। ভোর রাত থেকে জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে গেছে।

কক্সবাজারের মাতামুহুরী, বাঁকখালী ও রেজু নদীর পানি পাঁচফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ দীপক চন্দ্র নাথ জানান, রোববার ভোর ছয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত শহরে ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগর এখন উত্তাল রয়েছে।