৫ সাবেক সাংসদসহ ঝিনাইদহের ৩৫ জনের সম্পদের হিসাব চেয়েছে যৌথ বাহিনী
ঝিনাইদহে বিএনপি ও আওয়ামী লীগের সাবেক পাঁচ সাংসদসহ ৩৫ জনের সম্পদের হিসাব চেয়েছে যৌথবাহিনী। স্থানীয় পুলিশ প্রশাসন রোববার থেকে তাদের বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দেওয়া শুরু করেছে। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে তাদেরকে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে সম্পদের হিসাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তালিকার পাঁচ সাবেক সাংসদ হলেন, বিএনপির মশিউর রহমান, শহিদুল ইসলাম মাস্টার, শহিদুজ্জামান বেল্টু, আব্দুল ওহাব এবং আওয়ামী লীগের আব্দুল হাই। ওই তালিকায় স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগনেতাসহ কয়েকজন ঠিকাদারেরও নাম রয়েছে।
রবিবার ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয় থেকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে ওই ৩৫ জনের নামে নোটিশ পাঠানো শুরু হয়েছে। ইতোমধ্যে ঝিনাইদহ সদর উপজেলার ১০ জনের ঠিকানায় নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়া শৈলকূপা, কালীগঞ্জ, হরিণাকুণ্ডু, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় ৫ জন করে মোট ২৫ জনের নামে নোটিশ পাঠানো হয়েছে।
পুলিশ সুপার এম জিল্লুর রহমান জানান, যৌথ বাহিনী প্রাথমিকভাবে ‘ঝিনাইদহের ৩৫ জন শীর্ষ দুর্নীতিবাজ’ এর এই তালিকা তৈরি করেছে। প্রাথমিক অনুসন্ধানে তাদের আয়ের সঙ্গে সম্পদের পরিমাণের সঙ্গতি না পাওয়ায় ২০০৭ সালের জরুরি আইন বিধিমালার ১৫ এর খ ও ঘ ধারায় দেওয়া ক্ষমতা দিয়ে তাদের নোটিশ পাঠানো হচ্ছে। এ নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে তাদের পুলিশ সুপারের দপ্তরে হাজির হয়ে সম্পত্তির হিসাব দিতে বলা হয়েছে।
ঝিনাইদহ--১ আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ আব্দুল হাই নফহবংি২৪.পড়স কে বলেন, “আমি পুলিশ সুপারের অফিস থোকে কোনো নোটিশ পাইনি। আমি কোনো দুর্নীতিও করিনি। তবে নোটিশ পেলে হিসাব দেব।”
