২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিগমা হুদার বিদেশ যাওয়া স্থগিত

সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার বিদেশ যাওয়া স্থগিত করেছে আদালত। তাঁর বিদেশ যাওয়ার ব্যাপারে অনুমতি দিয়ে এর আগে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তার বিরুদ্ধে সরকারের দায়ের করা আবেদন মঞ্জুর করেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 04:51 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

রোববার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারের আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) মঞ্জুর করেছেন।

আপিল বিভাগের আদেশের পর উপস্থিত সাংবাদিকদের অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, “আমি জাতিসংঘের র‌্যাপোর্টিয়ার হিসাবে মানব পাচার বিষয়ক প্রতিবেদন জমা দিতে যুক্তরাষ্ট্র যেতে চেয়েছিলাম। আমার পক্ষ থেকে আদালতে বলা হয়েছে, এই প্রতিবেদন জমা দিতে বিদেশে যেতে না দেওয়া হলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ হবে।”

গত ১৩ মে সিগমা হুদাকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। এর আগে ২৬ এপ্রিল হাইকোর্ট তাকে খবরের অন্তরালে পত্রিকার ব্যাংক হিসাবে গরমিল থাকার অভিযোগে ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় জামিন মঞ্জুর করে।

সিগমা হুদার বিদেশ যাওয়ার অনুমতির হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের দায়ের করা লিভ--টু--আপিলের শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বলেন, সিগমা হুদার জামিন আবেদনে অসুস্থতার কথা বলা হয়েছে। কিন্তু বিদেশ যাওয়ার অনুমতির আবেদনে বলা হয়েছে তিনি সম্মেলনে যোগ দেবেন। এই দুইটি আবেদনে বৈপরিত্য রয়েছে।

সিগমা হুদার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টর রফিক উল হক। সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে শুনানিতে সহায়তা করেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল হেলাল উদ্দিন মোল্লা।