২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনটিভির এমডি বাপ্পীকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন

সাংসদ কোটায় আমদানি করা গাড়ি বিক্রির মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে এনটিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এনায়েতুর রহমান বাপ্পীকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 03:37 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

রোববার বাপ্পীর দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম জগন্নাথ দাস খোকন।

দুপুর ১টায় বাপ্পীর উপস্থিতিতেই আদালতের এ আদেশ হয়। ওই সময় বাপ্পীর পক্ষে তার আইনজীবী রিমান্ড আবেদন বাতিলের অনুরোধ জানালে আদালত তা নামঞ্জুর করে।

এদিকে এ মামলার অপর আসামী স্কাই মটরসের মালিক ইশতিয়াক সাদেককে আদালতে হাজির করা যায়নি বলে তাকে রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানি হয়নি। তার বিষয়ে আগামী ২২ মে শুনানির দিন ধার্য করা হয়েছে।

শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে এনায়েতুর রহমান বাপ্পী, ইশতিয়াক সাদেক ও সাবেক বিএনপি সাংসদ হারুন উর রশিদের বিরুদ্ধে গত ৭ মার্চ রাজধানীর পল্লবী থানায় মামলা হয়। 

২৯ মার্চ পুলিশ তিন অভিযুক্তকেই তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর মামলার তদন্তভার নেয় দুর্নীতি দমন কমিশন। গত ১৬ মে কমিশনের সহকারী পরিচালক এম. মোনায়েম হোসেন বাপ্পী ও সাদেককে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন জানান।

এ মামলায় সাবেক সাংসদ হারুন উর রশিদ কারাগারে রয়েছেন।