রোববার দেশে ফিরছেন পররাষ্ট্র উপদেষ্টা
পাকিস্তানে ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ৩৪তম সম্মেলন শেষে রোববার দেশে ফিরছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপদেষ্টা থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে রোববার দুপুর ১২টায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন।
পাকিস্তান সফরকালে উপদেষ্টা ওআইসি মহাসচিব একমেলেদিন ইহসানোগলুর সঙ্গে দেখা করেন। ইফতেখার আহমেদ ওআইসি মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বাহরাইন ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী’র সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। বাহরাইনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইফতেখারকে জানান, তিনি আগামী ২০ জুন চার দিনের সফরে বাংলাদেশে আসবেন। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া সুদানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলী আহমেদ কারতির সঙ্গে সেদেশে জনশক্তি রপ্তানির ব্যাপারে আলোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা।
