২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা পরিষদের বৈঠকে রুলস অব বিজনেস পর্যালোচনার সিদ্ধান্ত

প্রশাসনে গতি আনতে রুলস অব বিজনেস পর্যালোচনা এবং বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের কর্মকৌশল নির্ধারণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। অনুমোদন হয়েছে সাংসদদের শুল্কমুক্ত গাড়ি আমদানি বন্ধের প্রস্তাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 05:48 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৩০তম বৈঠকে এ সব সিদ্ধান্ত হয়। ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে এ বৈঠকে আট জন উপদেষ্টা উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম জানান, সাংসদদের শুল্ক মুক্ত গাড়ি আমদানি বন্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদে গত ৬ এপ্রিল নেওয়া নীতিগত সিদ্ধান্ত শনিবার চূড়ান্ত হয়।

তিনি জানান, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে রুলস অব বিজনেস পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে। একটি কমিটি গঠন করে উপদেষ্টা পরিষদের পরবর্তী সভায় এ সংক্রান্ত সুপারিশ পেশ করার জন্য মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে বলা হয়েছে।

বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টা পরিষদ অভ্যন্তরীণ সংস্কার ও কর্মপরিকল্পনা নির্ধারণ করে তা শিগগিরই উপস্থাপনের জন্য বিমান মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছেন।

প্রেস সচিব জানান, বৈঠকে বিমান মন্ত্রণালয়ের পেশ করা এক প্রতিবেদনে জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব, সিবিএ তৎপরতা, অতিরিক্ত জনবলকে বিমান অলাভজনক হওয়ার জন্য দায়ী করা হয়। ওই প্রতিবেদনে বিমানকে পাবলিক লিমিটেড করে জনবল অর্ধেক কমানো, নতুন এয়ারক্রাফট সংগ্রহসহ নানা প্রস্তাব করা হয়।

বিমানের কাছে বাংলাদেশ পেট্রোলিয়াম করর্পোরেশনের প্রায় ১৬শ কোটি টাকার পাওনা নিস্পত্তির বিষয় নিয়েও আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে।