২০ অপরাধে সামরিক বাহিনী থেকে বরখাস্ত হন চ্যানেল ওয়ানের মাসুদ পারভেজ
ঘুষ, অবৈধ অর্থ উপার্জন, সন্ত্রাস ও চোরাচালানে সহায়তার মতো ২০টি গুরুতর অভিযোগে দোষী সাবেক সেনা কর্মকর্তা মাসুদ পারভেজ দু’মাস ধরে চ্যানেল ওয়ানের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, অপরাধ প্রমাণিত হওয়ায় ফিল্ড জেনারেল কোর্ট মার্শালের (এফজিসিএম) রায়ে বরখাস্ত করা হলেও তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে।
২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০১ সালের সেপ্টেম্বর পর্যন্ত নওঁগায় ৩৭ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেন মেজর মাসুদ পারভেজ। সীমান্তে মাত্র দশ মাসের দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে ২৪টি অপরাধের অভিযোগ আনা হয়। এর মধ্যে ২০টিতেই দোষী প্রমাণিত হন তিনি।
মাসুদ পারভেজের বিরুদ্ধে ২০০২ সালের ৩ আগস্ট থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিডিআর সদর দপ্তরে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল (এফজিসিএম) অনুষ্ঠিত হয়। তাতে মাসুদ পারভেজের বেসামরিক কারাগারে এক বছর সশ্রম কারাদণ্ডাদেশ হয়; বরখাস্ত করা হয় চাকরি থেকে।
বিডিআর মহাপরিচালক ওই আদালতের রায় ২০০২ সালের ২৮ ডিসেম্বর অনুমোদন করেন। ২০০৩ সালের ১২ জানুয়ারি তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরী তারা সাজা নিশ্চিত করেন। ২ ফেব্র“য়ারি থেকে তার সাজা কার্যকর শুরু হয়।
২০০৩ সালের মে মাসে সেনাবাহিনীর প্রকাশিত “ক্রোড়পত্র”Ñএ মাসুদ পারভেজের বিরুদ্ধে কোর্ট মার্শালের রায়ের বিষয়টি প্রকাশিত হয়। এতে তার বিরুদ্ধে উত্থাপিত ২৪টি অভিযোগ ও রায় সীমিত আকারে তুলে ধরা হয়।
ক্রোড়পত্রে বলা হয়, ২০০১ সালে নওগাঁয় বিডিআরের ৩৭ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনকালে মেজর মাসুদ চোরাচালান দমনে দায়িত্ব পালনে অবহেলা করেন। এ কারণে তার দায়িত্বের অধীন এলাকায় ২০০১ সালের ২০ সেপ্টেম্বর টহলের জন্য বিডিআরের রাজশাহী সেক্টরের একটি বিশেষ টহল পাঠানো হয়।
ওই টহল দল কাশিমপুরে ৩২০ বস্তা চিনি এবং ১৫০ বস্তা লবণসহ তিনটি নৌকা ও তিনটি ট্রাক আটক করে। আটক মালামাল ঘটনাস্থলের কাছের পতœীতলা গুদামে না রেখে নওগাঁ কাস্টমস গুদামে রাখার জন্য সেক্টর কমান্ডার কর্নেল মো. ইব্রাহিম খলিলকে পরামর্শ দেন মেজর মাসুদ। চোরাই মালের বিষয়ে তথ্য দানকারী ‘ইনফর্মার’দের নওগাঁ শহরে নিয়ে সন্ত্রাসীদের মাধ্যমে শায়েস্তা করাই মেজর মাসুদের উদ্দেশ্য ছিল বলে ওই ক্রোড়পত্রে উল্লেখ করা হয়।
সেক্টর টহল দলের তিনজন ‘ইনফর্মার’ নিরাপত্তাজনিত কারণে ওই রাতে ব্যাটালিয়নে থাকতে অনুমতি দেওয়ার অনুরোধ জানালেও মেজর মাসুদ তা প্রত্যাখ্যান করেন। ওই রাতে ‘ইনফর্মার’রা রাজশাহী ফিরে যাওয়ার পথে সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়। কালু মিয়া নামে তাদের একজনকে অপহরণ করা হয়। ছিনিয়ে নেওয়া হয় তাদের সঙ্গে থাকা সব কিছু। মেজর মাসুদের বিরুদ্ধে ওই অপহরণ ও ছিনতাই কাজে সহায়তার অভিযোগও আনা হয়। এছাড়া ওই ঘটনায় সেক্টর কমান্ডার কর্নেল ইব্রাহিম খলিল মামলা করার নির্দেশ দিলেও তিনি তা পালন করেননি।
মেজর মাসুদ শিমুলতলী বিওপিতে কর্মরত তার রানার সিপাহি মো. মাহবুবুল আলমের মাধ্যমে ২০০১ সালের জুলাই মাসে চোরকারবারীদের কাছ থেকে আনুমানিক দুই লাখ ৫০ হাজার টাকা এবং আগস্ট মাসে ৪ লাখ টাকা উৎকোচ নেন বলে ক্রোড়পত্রে উল্লেখ করা হয়। এছাড়া ২০০০ সালে ডিসেম্বর থেকে ২০০১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন চোরাকারবারিদের কাছ থেকে মাসে ৩০ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়া অভিযোগ আনা হয় মেজর মাসুদের বিরুদ্ধে।
ক্রোড়পত্রে আরও বলা হয়, ২০০১ সালের ১৯ ও ২০ সেপ্টেম্বর মেজর মাসুদ টহল দল ছাড়াই বেসামরিক পোশাকে সীমান্ত এলাকায় পরিদর্শনে যান। এটা নিয়মের পরিপন্থী। পাশাপাশি ২০ সেপ্টেম্বর শিমুলতলী বিওপি এলাকায় ১৩ প্যাকেট ফেনসিডিল ও কিছু মদের বোতল আটক করে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর না করে নিয়ম বহির্ভূতভাবে ব্যাটালিয়ন সদরে রাখেন তিনি।
২০০০ সালের ডিসেম্বর ও ২০০১ সালের সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময়ে নওগাঁয় দায়িত্বপালনকালে তার কাছে আসা বিভিন্ন বেসমারিক লোকের নাম প্রবেশ পথে রক্ষিত রেজিস্ট্রারে না লেখার নির্দেশ দেন মেজর মাসুদ।
মেজর মাসুদের বিরুদ্ধে আরও অভিযোগ, চোরাচালানিদের সহায়তার জন্য ২০০১ সালের সেপ্টেম্বরে তিনি তার অধীনস্ত সব কোম্পানি কমান্ডারকে অনুমতি ছাড়া বিওপি পরিদর্শন না করার আদেশ দেন।
২০০১ সালের ৯ আগস্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাধু নামের একজন ভারতীয় নাগরিককে সরকারি বাসভবনে থাকতে দেন।
আরও যে সব অভিযোগের জন্য মেজর মাসুদের সাজা হয় তার মধ্যে রয়েছে, মদ, ফেনসিডিল ও গাঁজা নিজের হেফাজতে রাখা, সাজানো মামলা দিয়ে এক অবসরপ্রাপ্ত সৈনিককে হয়রানি ও শারীরিক নির্যাতন।
সর্বশেষ ২০০২ সালে সাক্ষ্য চলাকালীন ফোন নম্বর পরিবর্তনের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চালানোর জন্য মেজর মাসুদকে অভিযুক্ত করা হয় বলে ক্রোড়পত্রে উল্লেখ রয়েছে।
উল্লি¬খিত সব অভিযোগেই মাসুদ পারভেজ দোষী সাব্যস্ত হন।
বিষয়টি নিয়ে মাসুদ পারভেজের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি নফহবংি২৪.পড়স কে বলেন “আমি কোনও কথা বলতে পারব না।” কেন পারবেন না তা তিনি বলতে রাজি হননি।
গত ১৮ মার্চ চ্যানেল ওয়ানের নির্বাহী পরিচালক পদে নিয়োগ পান মাসুদ পারভেজ। অভিযোগ রয়েছে, ওই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সদস্যদের সম্মতিক্রমে নির্বাহী পরিচালক নিয়োগ করার নিয়ম থাকলেও ওয়ান এন্টারটেইনমেন্টের অন্যতম পরিচালক ও বিএনপি নেতা অধ্যাপক মাজেদুল ইসলাম অন্য পরিচালকদের সম্মতি ছাড়াই তাকে নিয়োগ দেন।নাম প্রকাশ না করার শর্তে বেসরকারি টিভি চ্যানেলটির কর্মকর্তারা জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই মাসুদ পারভেজ কর্মকর্তাÑকর্মচারীদের হুমকি ধমকি দিয়ে আসছেন।
তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এ এইচ সেলিম ও ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুনকে যৌথবাহিনী গ্রেপ্তার করার পর সেনাবাহিনীর ভয় দেখিয়েই মাসুদ পারভেজ প্রতিষ্ঠানটি ‘দখল’ করে রেখেছেন।
